সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

ধর্ম
৫:২০ অপরাহ্ন, ১৩ মার্চ ২০২৬

জাকাতে সম্পদ বৃদ্ধি ও পবিত্র হয়

আরবি জাকাত শব্দের ভেতরে দুটি মূল অর্থ পাওয়া যায়। একটি হলো—অনবরত বৃদ্ধি পাওয়া, আরেকটি হলো—শুদ্ধ ও পবিত্র হওয়া। আরবি ভাষাবিদদের মতে, যে জিনিস ক্রমাগত বাড়তে থাকে, তা অবশ্যই পবিত্র ও পরিচ্ছন্ন হয়। আরবিতে বলা হয়, “জাকাজ জারউ ইয়াজকুজ জাকাহ”—অর্থাৎ যেমন ফসল বেড়ে ওঠে, তেমনি জাকাতও মানুষের সম্পদে বরকত বৃদ্ধি করে। কৃষিজ ফসল তখনই ভালোভাবে বাড়ে, […]

জাকাতে সম্পদ বৃদ্ধি ও পবিত্র হয়

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

আরবি জাকাত শব্দের ভেতরে দুটি মূল অর্থ পাওয়া যায়। একটি হলো—অনবরত বৃদ্ধি পাওয়া, আরেকটি হলো—শুদ্ধ ও পবিত্র হওয়া। আরবি ভাষাবিদদের মতে, যে জিনিস ক্রমাগত বাড়তে থাকে, তা অবশ্যই পবিত্র ও পরিচ্ছন্ন হয়। আরবিতে বলা হয়, “জাকাজ জারউ ইয়াজকুজ জাকাহ”—অর্থাৎ যেমন ফসল বেড়ে ওঠে, তেমনি জাকাতও মানুষের সম্পদে বরকত বৃদ্ধি করে। কৃষিজ ফসল তখনই ভালোভাবে বাড়ে, যখন তা আবর্জনামুক্ত ও পরিচ্ছন্ন থাকে। এ কারণে জাকাত শব্দের মধ্যে বৃদ্ধি ও পবিত্রতা—উভয় অর্থই নিহিত রয়েছে।

শরিয়তের পরিভাষায়, ব্যক্তির সম্পদে আল্লাহ কর্তৃক নির্ধারিত ফরজ অংশ নির্দিষ্ট হকদারদের মাঝে প্রদান করাকে জাকাত বলা হয়। ইসলামী পণ্ডিত ইমাম নববী (রহ.) বলেন, সম্পদ থেকে আল্লাহর নির্ধারিত অংশ বের করে দেওয়াকে জাকাত বলা হয়, কারণ এর মাধ্যমে সম্পদে বরকত বৃদ্ধি পায় এবং জাকাতদাতা বিভিন্ন বিপদ-আপদ থেকে সুরক্ষিত থাকেন।

সুফি চিন্তাবিদদের মতে, জাকাত মানুষকে দুই ধরনের বিপদ থেকে রক্ষা করে—একটি আখেরাতের জবাবদিহি থেকে এবং অন্যটি দুনিয়ার বালা-মুসিবত থেকে। এ দৃষ্টিকোণ থেকে জাকাতকে পবিত্রতা ও পরিশুদ্ধতার মাধ্যম হিসেবে দেখা হয়। অনেক ইসলামি গবেষকও বলেছেন, জাকাত মানুষের জীবনে দুই ধরনের পবিত্রতা আনে। প্রথমত, এটি সম্পদকে পবিত্র করে। দ্বিতীয়ত, মানুষের অন্তরকে কৃপণতা, স্বার্থপরতা ও হিংসা-বিদ্বেষ থেকে মুক্ত করে।

এ প্রসঙ্গে ইবনে তাইমিয়া বলেন, জাকাত দেওয়ার ফলে দাতার আত্মা নির্মল হয় এবং তার সম্পদে আল্লাহ বরকত দেন, যার ফলে তা ক্রমশ বৃদ্ধি পায়। একইভাবে ইউসুফ আল-কারজাভি উল্লেখ করেছেন, জাকাতের এই বৃদ্ধি শুধু ধন-সম্পদেই সীমাবদ্ধ নয়; বরং মানুষের চিন্তা, মনন ও চরিত্রেও ইতিবাচক প্রভাব ফেলে। ফলে জাকাতদাতা ধীরে ধীরে উন্নত রুচি ও নৈতিকতার মানুষে পরিণত হন।

ইমাম নববী ‘আল-হাভি’ গ্রন্থের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘জাকাত’ শব্দটি ইসলামি শরিয়ত প্রবর্তনের আগেও আরবি ভাষায় পরিচিত ছিল এবং জাহেলি যুগের কবিতা ও কাব্যে এর ব্যবহার পাওয়া যায়। তবে ইমাম দাউদ জাহেরি এ মতের সঙ্গে একমত নন; তার মতে ইসলামের আগে জাকাত শব্দের প্রচলন ছিল না।

জাকাতের আরেক নাম সদকাহ। পবিত্র কোরআনেও জাকাত বোঝাতে ‘সদকা’ শব্দ ব্যবহৃত হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, “সদকা তো আসলে ফকির, মিসকিন, সদকার কাজে নিয়োজিত ব্যক্তি, যাদের মন জয় করা প্রয়োজন, দাস মুক্ত করা, ঋণগ্রস্তদের সহায়তা করা, আল্লাহর পথে ব্যয় করা এবং মুসাফিরদের সাহায্যের জন্য নির্ধারিত।” (সুরা তাওবা : ৬০)

জাকাত ফরজ হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে—ব্যক্তিকে সুস্থ মস্তিষ্কের, স্বাধীন ও প্রাপ্তবয়স্ক মুসলমান হতে হবে। তার কাছে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে এবং সেই সম্পদ পূর্ণ এক বছর তার মালিকানায় থাকে, তাহলে তার ওপর জাকাত ফরজ হয়।

জাকাতের নিসাব হলো—স্বর্ণের ক্ষেত্রে ২০ মিসকাল, যা আধুনিক হিসাবে প্রায় সাড়ে সাত ভরি। রুপার ক্ষেত্রে নিসাব ২০০ দিরহাম, যা প্রায় সাড়ে ৫২ তোলা। কারও কাছে এ পরিমাণ স্বর্ণ বা রুপা থাকলে তার ওপর জাকাত ফরজ হয়। একইভাবে প্রয়োজনের অতিরিক্ত টাকা-পয়সা বা বাণিজ্যিক পণ্যের মূল্য যদি সাড়ে ৫২ তোলা রুপা বা সাড়ে সাত ভরি স্বর্ণের সমমূল্যের সমান বা তার বেশি হয়, তাহলেও জাকাত দিতে হবে।

কোনো ব্যক্তির কাছে যদি আলাদাভাবে সোনা, রুপা বা টাকা-পয়সা নিসাব পরিমাণ না থাকে, কিন্তু সব সম্পদ একত্র করলে নিসাবের সমপরিমাণ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রেও জাকাত ফরজ হবে। যেমন কারও কাছে কিছু স্বর্ণালংকার, কিছু নগদ অর্থ বা বাণিজ্যদ্রব্য থাকলে এবং এগুলোর সম্মিলিত মূল্য নিসাবের সমান বা তার বেশি হয়, তবে সেই সম্পদের ওপর জাকাত দিতে হবে।

জাকাত কেবল দারিদ্র্য দূর করার একটি ব্যবস্থা নয়; বরং এটি মানুষের সম্পদ ও আত্মাকে পবিত্র করার এক মহান ইবাদত।

লেখক : পীর সাহেব, আউলিয়ানগর

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ