সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৪:২৯ অপরাহ্ন, ৩১ জানুয়ারি ২০২৬

জার্সি উন্মোচন স্থগিত পাকিস্তানের, বিশ্বকাপ বয়কট নিয়ে বাড়ছে জল্পনা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) হঠাৎ করেই জাতীয় দলের বিশ্বকাপ জার্সি উন্মোচনের পূর্বনির্ধারিত অনুষ্ঠান বাতিল করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অনিবার্য পরিস্থিতির’ কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিসিবির পরিকল্পনা অনুযায়ী, অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের টসের পরপরই বিশ্বকাপ জার্সি প্রকাশ করার কথা […]

Pakistan Cricket Team

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) হঠাৎ করেই জাতীয় দলের বিশ্বকাপ জার্সি উন্মোচনের পূর্বনির্ধারিত অনুষ্ঠান বাতিল করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অনিবার্য পরিস্থিতির’ কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পিসিবির পরিকল্পনা অনুযায়ী, অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের টসের পরপরই বিশ্বকাপ জার্সি প্রকাশ করার কথা ছিল। তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক অনুমোদন না পাওয়ায় শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হতে পারে।

এ কারণে এর আগে পর্যন্ত পিসিবি এমন কোনো প্রতীকী পদক্ষেপ নিতে চাচ্ছে না, যা বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত বলে ব্যাখ্যা করা হতে পারে। বোর্ড আনুষ্ঠানিকভাবে সংযত অবস্থান নিয়েছে এবং জানিয়েছে, সরকারের দিকনির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখেই তারা সব সিদ্ধান্ত গ্রহণ করছে। ফলে ক্রিকেটীয় প্রস্তুতির পাশাপাশি কূটনৈতিক বাস্তবতার মধ্যেই আটকে আছে পাকিস্তানের বিশ্বকাপ পরিকল্পনা।

এই অনিশ্চয়তা খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের মধ্যেও বাড়তি চাপ সৃষ্টি করছে। আন্তর্জাতিক সূচি এমনিতেই কঠিন, তার ওপর অংশগ্রহণ নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত না থাকায় দলে জল্পনা ও উদ্বেগ তৈরি হয়েছে। তবুও, সম্ভাব্য সব পরিস্থিতি মাথায় রেখে স্কোয়াডের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে পিসিবি।

এ অবস্থায় সোমবারের সম্ভাব্য ঘোষণাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, পিসিবি ইতোমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নির্বাচিত স্কোয়াডের শ্রীলঙ্কার কলম্বো যাত্রার সূচি চূড়ান্ত করেছে। আগামী ২ ফেব্রুয়ারি ভোরে দলের রওনা দেওয়ার কথা রয়েছে। এতে করে পুরো টুর্নামেন্ট কিংবা ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে বহুল আলোচিত ম্যাচ বয়কটের সম্ভাবনা অনেকটাই নাকচ হয়ে যাচ্ছে।

পিটিআইকে এক সূত্র জানায়, ‘বিশ্বকাপ স্কোয়াডের জন্য ২ ফেব্রুয়ারি ভোরে কলম্বো যাওয়ার সব ভ্রমণ ব্যবস্থা ইতোমধ্যে সম্পন্ন করেছে পিসিবি।’

সূত্রটি আরও জানায়, ভারতের মাটিতে খেলা নিয়ে বাংলাদেশের উত্থাপিত ‘নিরাপত্তা উদ্বেগ’-এর বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পূর্ণ সমর্থন জানিয়েছে পিসিবি। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভেতরে নিজেদের অবস্থান ক্ষতিগ্রস্ত না করে এর বাইরে যাওয়ার সুযোগ তাদের নেই।

উল্লেখ্য, বিসিসিআই, পিসিবি ও আইসিসির মধ্যে হওয়া ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত আইসিসি ইভেন্টে ভারত-পাকিস্তানের সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হবে। পাকিস্তানের পুরো বিশ্বকাপ সূচিই শ্রীলঙ্কায় নির্ধারিত, এমনকি তারা ফাইনালে উঠলেও সেটি অনুষ্ঠিত হবে সেখানেই।

এক সূত্রের ভাষায়, ‘যখন পুরো সূচিই শ্রীলঙ্কায়, তখন টুর্নামেন্ট বা ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার যৌক্তিকতা কোথায়?’

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ