জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, জনগণের আকাঙ্ক্ষা ও তরুণ প্রজন্মের প্রত্যাশাকে উপেক্ষা করে কোনো সরকার বা রাজনৈতিক শক্তির পক্ষে দেশ পরিচালনা করা সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পরও দেশে ভোট চুরির সংস্কৃতি পুরোপুরি বন্ধ হয়নি। শুক্রবার (১০ জুলাই) বিকেলে নোয়াখালীর মাইজদীতে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা-২০২৬’ […]
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, জনগণের আকাঙ্ক্ষা ও তরুণ প্রজন্মের প্রত্যাশাকে উপেক্ষা করে কোনো সরকার বা রাজনৈতিক শক্তির পক্ষে দেশ পরিচালনা করা সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পরও দেশে ভোট চুরির সংস্কৃতি পুরোপুরি বন্ধ হয়নি।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে নোয়াখালীর মাইজদীতে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি, বিদ্যুৎ সংকট নিরসন, গণভোট বাস্তবায়ন এবং সীমান্ত সুরক্ষার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশের আগে হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে একটি পদযাত্রা পৌরবাজার এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট বিল্ডিং সড়কে এসে শেষ হয়।
বিএনপি সরকারকে উদ্দেশ করে হাসনাত আবদুল্লাহ বলেন, জনগণ ও তরুণ সমাজের বিপক্ষে অবস্থান নিয়ে দেশের কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব নয়। তিনি দাবি করেন, রাজনৈতিক নেতৃত্বকে জনগণের প্রত্যাশার সঙ্গে সংযুক্ত থাকতে হবে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অতীতে ভোট কারচুপি হতো ভোটগ্রহণ বা ফল ঘোষণার আগেই, আর এখন ফল প্রকাশের পর ভোটের অধিকার খর্ব করা হচ্ছে। তার ভাষায়, দেশের বিপুল সংখ্যক মানুষ ভোট দিতে আগ্রহী থাকলেও নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
সরকারের কর্মসংস্থান সংক্রান্ত প্রতিশ্রুতির সমালোচনা করে তিনি বলেন, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির ঘোষণা দেওয়া হলেও বাস্তবে বেকার তরুণদের অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। এখনও বহু তরুণ চাকরির আশায় ঘুরে বেড়াচ্ছেন।
বিদ্যুৎ সংকট নিয়েও তিনি সরকারের সমালোচনা করেন। তার অভিযোগ, সাধারণ মানুষ দীর্ঘ সময় বিদ্যুৎহীন অবস্থায় থাকলেও সরকার পরিস্থিতিকে স্বাভাবিক হিসেবে তুলে ধরছে।
সমাবেশে বিএনপির ত্যাগী নেতা-কর্মীদের এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ইউসুফ রেজা এবং নোয়াখালী পৌরসভার মেয়র পদে প্রকৌশলী তানভীরকে দলীয় সমর্থিত প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন এবং তাদের পক্ষে জনসমর্থন কামনা করেন।
পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার ও উপকূলীয় অঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, দুর্গত মানুষের পাশে দ্রুত ও কার্যকরভাবে দাঁড়ানো সরকারের দায়িত্ব এবং এ বিষয়ে আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।
সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।