সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:৪৩ অপরাহ্ন, ৪ জুলাই ২০২৬

‘জেন জি অলস, এদের ইরান পাঠিয়ে দেওয়া উচিত’—হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলিন লেভিট

নিজের প্রজন্ম অর্থাৎ ‘জেনারেশন জেড’ (জেন জি)-কে ‘অলস’ এবং ‘উদারপন্থী আদর্শে প্রভাবিত’ বলে মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। একই সঙ্গে তিনি অর্থনীতি নিয়ে অভিযোগ করা তরুণদের ‘কিউবা বা ইরানে পাঠিয়ে দেওয়া উচিত’ বলেও মন্তব্য করেছেন। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের একটি অনুষ্ঠানে দেওয়া এ বক্তব্য শনিবার (৪ জুলাই) ভারতীয় […]

‘জেন জি অলস, এদের ইরান পাঠিয়ে দেওয়া উচিত’—হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলিন লেভিট

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নিজের প্রজন্ম অর্থাৎ ‘জেনারেশন জেড’ (জেন জি)-কে ‘অলস’ এবং ‘উদারপন্থী আদর্শে প্রভাবিত’ বলে মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। একই সঙ্গে তিনি অর্থনীতি নিয়ে অভিযোগ করা তরুণদের ‘কিউবা বা ইরানে পাঠিয়ে দেওয়া উচিত’ বলেও মন্তব্য করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের একটি অনুষ্ঠানে দেওয়া এ বক্তব্য শনিবার (৪ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনের মাধ্যমে ব্যাপক আলোচনায় আসে।

২৮ বছর বয়সী ক্যারোলিন লেভিট নিজেও জেনারেশন জেডের একজন সদস্য। ফক্স নিউজের উপস্থাপক জেসি ওয়াটার্সের সঙ্গে আলোচনায় তিনি দাবি করেন, বর্তমান প্রজন্মের অনেক তরুণ মার্কিন যুক্তরাষ্ট্রের মৌলিক মূল্যবোধ থেকে দূরে সরে যাচ্ছে।

সম্প্রতি অনুষ্ঠিত প্রাথমিক নির্বাচনে তরুণ ও বামপন্থী ডেমোক্র্যাট প্রার্থীদের সাফল্যের প্রসঙ্গ টেনে উপস্থাপক জেসি ওয়াটার্স বলেন, “যখন আপনার প্রকৃত কোনো চাকরি থাকে না, তখন সবকিছুই ব্যয়বহুল মনে হয়। অর্থনীতি নিয়ে অভিযোগগুলো কি তরুণদের ওপর প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন?”

জবাবে লেভিট বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আমি মনে করি এর প্রভাব পড়ছে। কারণ এই প্রজন্ম—আমার নিজের প্রজন্ম এবং আমার চেয়ে কম বয়সীরা—মুখে সোনার চামচ নিয়ে বড় হয়েছে। তারা সবকিছু সহজেই পেয়ে যাওয়ার সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে গেছে।”

তিনি আরও বলেন, “আমেরিকা কখনোই এভাবে গড়ে ওঠেনি। এই দেশ প্রতিষ্ঠিত হয়েছে মেধাভিত্তিক সমাজ, কঠোর পরিশ্রম এবং নিজের প্রচেষ্টায় নিজের ভাগ্য গড়ে তোলার মার্কিন স্বপ্নের ওপর। যেকোনো মূল্যে আমাদের এই ঐতিহ্য রক্ষা করতে হবে।”

আলোচনার একপর্যায়ে তরুণদের এই মানসিকতার জন্য শিক্ষাব্যবস্থাকে দায়ী করেন লেভিট। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেক উদারপন্থী অধ্যাপক এবং বিদ্যালয়ের শিক্ষকরা তরুণদের চিন্তাভাবনায় প্রভাব ফেলছেন।

তিনি সেইসব অভিভাবকদের প্রশংসা করেন, যারা সন্তানদের প্রচলিত বিদ্যালয়ের পরিবর্তে হোমস্কুলিং বা খ্রিস্টান ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাচ্ছেন। তার দাবি, এসব অভিভাবক চান না যে তাদের সন্তানরা স্কুলে ‘কমিউনিস্ট’ বা ‘চরম উদারপন্থী’ মতাদর্শের সংস্পর্শে আসুক।

কথোপকথনের একপর্যায়ে উপস্থাপক জেসি ওয়াটার্স রসিকতা করে বলেন, অবাধ্য তরুণদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে পাঠানো উচিত। এর জবাবে লেভিট বলেন, “তাদের কিউবা বা ইরানে পাঠিয়ে দেওয়া উচিত। তাহলে তারা খুব দ্রুতই বুঝতে পারবে আমেরিকায় থাকার মূল্য কত।”

তার এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেক ব্যবহারকারী এবং বিশ্লেষক অভিযোগ করেন, লেভিট তরুণদের বাস্তব অর্থনৈতিক সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শিক্ষাঋণ এবং কর্মসংস্থানের চ্যালেঞ্জকে খাটো করে দেখিয়েছেন।

সমালোচকদের মতে, বর্তমান প্রজন্মের আর্থিক বাস্তবতা অতীতের তুলনায় অনেক কঠিন। তাই তাদের উদ্বেগকে ‘অলসতা’ বা ‘অধিকারবোধ’ হিসেবে ব্যাখ্যা করা বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ