নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউ সংলগ্ন একটি পার্ক একদিনের জন্য যেন রূপ নিয়েছিল প্রাণচঞ্চল বাংলাদেশের এক ঐতিহ্যবাহী মেলায়। দেশীয় খাবারের সুবাস, বাংলা গানের সুর, শিশুদের হাসি-আনন্দ আর প্রবাসীদের মিলনমেলায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। গত শুক্রবার (১৯ জুন) নন-প্রফিট সংগঠন ‘ভালো’র উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য মেলা প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের অংশগ্রহণে পরিণত হয় […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউ সংলগ্ন একটি পার্ক একদিনের জন্য যেন রূপ নিয়েছিল প্রাণচঞ্চল বাংলাদেশের এক ঐতিহ্যবাহী মেলায়। দেশীয় খাবারের সুবাস, বাংলা গানের সুর, শিশুদের হাসি-আনন্দ আর প্রবাসীদের মিলনমেলায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
গত শুক্রবার (১৯ জুন) নন-প্রফিট সংগঠন ‘ভালো’র উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য মেলা প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের অংশগ্রহণে পরিণত হয় এক বহুসাংস্কৃতিক উৎসবে। আয়োজকদের ভাষ্য, বিভিন্ন কমিউনিটির মধ্যে সম্প্রীতি, পারস্পরিক সংযোগ এবং সাংস্কৃতিক বিনিময়কে আরও শক্তিশালী করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
মেলার উদ্বোধন করেন নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এবং নিউইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট জুমানে উইলিয়ামস। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি ও কমিউনিটি নেতাদের স্বাগত জানান ‘ভালো’ সংগঠনের প্রধান নির্বাহী শাহরিয়ার রহমান।
উদ্বোধনী বক্তব্যে লেটিশিয়া জেমস বলেন, বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি নিউইয়র্কবাসীর সামনে তুলে ধরতে ‘ভালো’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অন্যদিকে জুমানে উইলিয়ামস বলেন, বাংলাদেশি কমিউনিটি নিউইয়র্কের অর্থনীতি ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
মেলা প্রাঙ্গণে ছিল দেশীয় খাবার, পোশাক, হস্তশিল্প, প্রসাধনী ও গৃহসজ্জার সামগ্রীর শতাধিক স্টল। ফুচকা, বিরিয়ানি, ভর্তা, মিষ্টান্ন ও আমের জুসসহ দেশীয় খাবার দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে। পুরো আয়োজন যেন তৈরি করেছিল এক টুকরো বাংলাদেশি বাজারের আবহ।
‘ভালো’র ডিরেক্টর অব পাবলিক রিলেশনস শাহরিয়ার নবী বলেন, কমিউনিটির জন্য কিছু করার তাগিদ থেকেই এই মেলার আয়োজন। তিনি জানান, এতে ৭০টিরও বেশি ব্যবসায়ী ও উদ্যোক্তা অংশ নিয়েছেন এবং এটি ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
দর্শনার্থীদের অনেকেই জানান, এই আয়োজন তাদের শৈশবের দেশের মেলার স্মৃতি ফিরিয়ে এনেছে। জ্যামাইকার বাসিন্দা সামিনা আমিন বলেন, “এখানে এসে মনে হচ্ছে যেন বাংলাদেশেই আছি। খাবার থেকে পরিবেশ—সবকিছুই অসাধারণ। এমন আয়োজন প্রতিবছর হওয়া উচিত।”
শিশুদের জন্য ছিল বিভিন্ন রাইড, গেমস ও বিনোদনের ব্যবস্থা। অন্যদিকে বড়দের জন্য আয়োজন করা হয় ফুচকা খাওয়ার প্রতিযোগিতা ও র্যাফেল ড্র, যা দর্শকদের মধ্যে বাড়তি আনন্দ যোগ করে।
মেলায় উপস্থিত ছিলেন সাপ্তাহিক ঠিকানার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন, নিউইয়র্ক সিটি কাউন্সিলের ডেপুটি স্পিকার ড. নানতাশা উইলিয়ামস, কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান, মেয়রের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাশারসহ বিভিন্ন পর্যায়ের কমিউনিটি নেতারা।
মেলার আরেকটি বড় আকর্ষণ ছিল বিশ্বকাপ ফুটবল উন্মাদনা। বড় পর্দায় সরাসরি খেলা দেখার সুযোগ পেয়ে দর্শনার্থীরা আনন্দ ভাগাভাগি করেন এবং পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।
দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি বিউটি দাস ও রাজীব রহমানের ব্যান্ড সংগীত পরিবেশন করেন। বাংলা গান, দেশীয় সুর এবং প্রবাস জীবনের আবেগ মিলেমিশে পুরো মেলা প্রাঙ্গণকে উৎসবের রঙে রাঙিয়ে তোলে।