সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
২:৪৬ অপরাহ্ন, ৬ জুলাই ২০২৬

ট্রাম্পের হস্তক্ষেপে বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত, ফুটবল বিশ্বে তীব্র বিতর্ক

যুক্তরাষ্ট্রের তারকা ফরোয়ার্ড ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করার ফিফার সিদ্ধান্তকে ঘিরে ফুটবল বিশ্বে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত অনুরোধের পর ফিফা এই সিদ্ধান্ত নেয় বলে নিশ্চিত হওয়ার পর ইউরোপীয় ফুটবল মহল থেকে শুরু করে সাবেক খেলোয়াড়, কোচ ও ফুটবল কর্মকর্তাদের মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে। আগামী মঙ্গলবার ভোরে বিশ্বকাপের […]

ট্রাম্পের হস্তক্ষেপে বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত, ফুটবল বিশ্বে তীব্র বিতর্ক

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের তারকা ফরোয়ার্ড ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করার ফিফার সিদ্ধান্তকে ঘিরে ফুটবল বিশ্বে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত অনুরোধের পর ফিফা এই সিদ্ধান্ত নেয় বলে নিশ্চিত হওয়ার পর ইউরোপীয় ফুটবল মহল থেকে শুরু করে সাবেক খেলোয়াড়, কোচ ও ফুটবল কর্মকর্তাদের মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

আগামী মঙ্গলবার ভোরে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ওই ম্যাচে বালোগানের খেলার পথ খুলে দিয়েছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। গত ১ জুলাই বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে সরাসরি লাল কার্ড দেখে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন তিনি। সে অনুযায়ী বেলজিয়ামের বিপক্ষে তার মাঠে নামার সুযোগ ছিল না।

তবে রোববার ফিফা জানায়, তাদের শৃঙ্খলা বিধির ২৭ নম্বর ধারা ব্যবহার করে বালোগানের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। ফলে তিনি বেলজিয়ামের বিপক্ষে খেলতে পারবেন। আগামী এক বছরের মধ্যে একই ধরনের গুরুতর অপরাধ না করলে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প নিজেই নিশ্চিত করেন যে তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করে বালোগানের লাল কার্ড পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন। পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, “সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং একটি বড় অবিচার সংশোধন করার জন্য ফিফাকে ধন্যবাদ।”

ফিফার এই সিদ্ধান্তে সবচেয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, স্বয়ংক্রিয় এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করার সিদ্ধান্ত ফুটবলের নিয়ম, ন্যায়বিচার ও প্রতিযোগিতার বিশ্বাসযোগ্যতার জন্য হুমকি। উয়েফার ভাষায়, এটি “অভূতপূর্ব, বোধগম্য নয় এবং কোনোভাবেই ন্যায্য নয়।”

বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনও বিস্ময় প্রকাশ করে জানিয়েছে, ফিফার নিজস্ব নিয়মের সঙ্গে এই সিদ্ধান্তের সরাসরি সাংঘর্ষিক অবস্থান রয়েছে। তারা বিষয়টি নিয়ে সম্ভাব্য আইনি পদক্ষেপের কথাও বিবেচনা করছে।

বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া কটাক্ষ করে বলেন, “মনে হচ্ছে বিশ্বকাপে ৫ জুলাই এখন এপ্রিল ফুল দিবসে পরিণত হয়েছে।” সাবেক ফিফা সভাপতি সেপ ব্লাটার, জার্গেন ক্লপ, থমাস টুখেলসহ ইউরোপের একাধিক ফুটবল ব্যক্তিত্বও রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে সিদ্ধান্তটির সমালোচনা করেছেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পোচেত্তিনো সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, বালোগানের ঘটনাটি কখনোই সরাসরি লাল কার্ড পাওয়ার মতো ছিল না। তার মতে, খেলোয়াড়টি অনিচ্ছাকৃতভাবে প্রতিপক্ষের পায়ে আঘাত করেছিলেন এবং এক ম্যাচের নিষেধাজ্ঞা ছিল অতিরিক্ত কঠোর শাস্তি।

বিশ্বকাপে তিন গোল করা বালোগান যুক্তরাষ্ট্রের অন্যতম ভরসার নাম। ফলে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তার দলে ফেরা স্বাগতিকদের জন্য বড় স্বস্তি হলেও, ফিফার এই সিদ্ধান্ত বিশ্বকাপের নিরপেক্ষতা ও শৃঙ্খলা রক্ষার প্রশ্নে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

সূত্র: বিবিসি, রয়টার্স

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ