আগামী ডিসেম্বর মাসজুড়ে দলীয় কর্মসূচি সফল ও প্রাণবন্ত করতে নেতাকর্মীদের সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপি ঠেকাতে নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন তিনি। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত […]
ছবি: সংগৃহীত
আগামী ডিসেম্বর মাসজুড়ে দলীয় কর্মসূচি সফল ও প্রাণবন্ত করতে নেতাকর্মীদের সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপি ঠেকাতে নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত উপজেলা প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ডিসেম্বর মাসজুড়ে দলের বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচিকে প্রাণবন্ত ও কার্যকর করতে নেতাকর্মীদের সব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে।
বর্তমান সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, সরকার মানুষের আস্থার ভিত ধ্বংস করেছে। সরকারের মধ্যে ফ্যাসিবাদের অনেকগুলো লক্ষণ দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, এ দেশের মানুষ বারবার অপশক্তির হাতে নির্যাতিত হলেও প্রতিবারই সেই শক্তিকে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে।
জুলাইয়ের গণ-অভ্যুত্থান ঘিরে রাষ্ট্র সংস্কার নিয়ে মানুষের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সরকার সেই পথ থেকে সরে গেছে বলেও মনে করেন তিনি।
স্থানীয় নির্বাচন নিয়ে সতর্ক থাকার আহ্বান
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান নেতাকর্মীদের শক্তি সঞ্চয় এবং সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং বা কারচুপি যাতে না হয়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
সম্মেলনে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি অভিযোগ করেন, শিক্ষা নিয়ে চরম ষড়যন্ত্র চলছে। চর দখলের মতো জোর করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কলেজের অধ্যক্ষ নিয়োগ দেওয়া হচ্ছে।
সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। দলীয় কর্মসূচি জোরদার, স্থানীয় সরকার নির্বাচন এবং শিক্ষা খাতের বিভিন্ন বিষয়ে নেতাকর্মীদের প্রস্তুত থাকার ওপর গুরুত্ব দেন বক্তারা।
সূত্র: প্রথম আলো