চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর আমন্ত্রণে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে চার সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল চার দিনের সরকারি সফরে চীন যাচ্ছে। প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, বিএনপির সংসদ সদস্য মো. খালেদ হোসাইন মাহবুব এবং সংরক্ষিত নারী আসনের স্বতন্ত্র সংসদ সদস্য […]
ছবি: সংগৃহীত
চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর আমন্ত্রণে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে চার সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল চার দিনের সরকারি সফরে চীন যাচ্ছে।
প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, বিএনপির সংসদ সদস্য মো. খালেদ হোসাইন মাহবুব এবং সংরক্ষিত নারী আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিন।
সফরসূচি অনুযায়ী, বুধবার (১০ জুন) প্রতিনিধিদলটি ঢাকা থেকে চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের উদ্দেশে যাত্রা করবে। সফরকালে তারা চীন ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত একাধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নেবেন।
আগামী ১১ জুন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ৭ম চায়না-সাউথ এশিয়া কোঅপারেশন ফোরামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। একই দিনে তিনি চীনা কমিউনিস্ট পার্টির ইউনান প্রাদেশিক কমিটির সেক্রেটারি ওয়াং নিংয়ের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হবেন।
বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ, আঞ্চলিক সংযোগ এবং উন্নয়ন অংশীদারিত্ব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এছাড়া সফরকালে প্রতিনিধিদলটি ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেবে। তারা সেখানে বাংলাদেশের অংশগ্রহণ তুলে ধরা ‘বাংলাদেশ থিম কান্ট্রি প্যাভিলিয়ন’ পরিদর্শন করবেন এবং বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখবেন।
সফরের শেষ দিনে, ১২ জুন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করা, বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য এবং শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা নিয়ে মতবিনিময় হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, এই সফর বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে দক্ষিণ এশিয়া ও চীনের মধ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রেও এ সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সূত্র: ইত্তেফাক