হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ব্যর্থতা এবং শিশু মৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে উভয়পক্ষের শুনানি শেষে বিচারক মামলার আবেদনটি খারিজের আদেশ দেন। এর আগে সকালে কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ […]
ছবি: সংগৃহীত
হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ব্যর্থতা এবং শিশু মৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে উভয়পক্ষের শুনানি শেষে বিচারক মামলার আবেদনটি খারিজের আদেশ দেন।
এর আগে সকালে কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল আদালতে মামলার আবেদন করেন। আবেদনে ড. মুহাম্মদ ইউনূস ও নুরজাহান বেগম ছাড়াও সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, ড. ইউনূসের তৎকালীন বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক ডা. আবু জাফরকে আসামি করা হয়।
মামলার আবেদনে অভিযোগ করা হয়, তৎকালীন সরকারের অবহেলা এবং টিকা আমদানিতে জটিলতার কারণে বিদেশ থেকে হামের ভ্যাকসিন সরবরাহ ব্যাহত হয়। পরবর্তীতে নতুন টেন্ডার প্রক্রিয়ার কারণে কার্যক্রম স্থবির হয়ে পড়ায় দেশে হামের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেক শিশুর মৃত্যু ঘটে।
বাদীপক্ষের দাবি ছিল, দায়িত্বে অবহেলার কারণে শিশুদের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং ভবিষ্যতে যেন এ ধরনের অবহেলা না হয়, সে জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
উল্লেখ্য, গত ২০ মে হামের টিকা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স জানিয়েছিলেন, টিকা সংকট নিয়ে সরকারকে মোট ১০ বার সতর্ক করা হয়েছিল। এর মধ্যে পাঁচটি ছিল লিখিত চিঠির মাধ্যমে। তবে সে সময় কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
এসব অভিযোগের ভিত্তিতেই আদালতে মামলার আবেদন করা হলেও শুনানি শেষে আদালত আবেদনটি খারিজ করে দেন।