জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যাচ্ছে—এমন দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে তারুণ্যনির্ভর রাজনীতির ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়বে এবং কার্যত এনসিপি জামায়াতের সঙ্গে একীভূত হয়ে যাবে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টে আব্দুল কাদের লেখেন, সারা দেশের মানুষ ও নেতাকর্মীদের […]
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যাচ্ছে—এমন দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে তারুণ্যনির্ভর রাজনীতির ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়বে এবং কার্যত এনসিপি জামায়াতের সঙ্গে একীভূত হয়ে যাবে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টে আব্দুল কাদের লেখেন, সারা দেশের মানুষ ও নেতাকর্মীদের আশা-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে গুটিকয়েক নেতার স্বার্থে এনসিপি জামায়াতের সঙ্গে জোটের পথে এগোচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামীকালই এই জোটের ঘোষণা আসতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
পোস্টে তিনি আরও লেখেন, এনসিপির এই সিদ্ধান্তকে তিনি আত্মঘাতী বলে মনে করেন এবং এর মধ্য দিয়ে দলটি কার্যত জামায়াতের রাজনৈতিক বলয়ে বিলীন হয়ে যাবে। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রাথমিক দরকষাকষিতে এনসিপি জামায়াতের কাছে ৫০টি আসন চাইলেও চূড়ান্তভাবে তা কমে ৩০টি আসনে দাঁড়িয়েছে। বাকি আসনগুলোতে এনসিপি প্রার্থী দিতে পারবে না এবং সেখানে জামায়াতের প্রার্থীদের সহযোগিতা করতে হবে। পাশাপাশি আসনপ্রতি নির্বাচনি ব্যয় হিসেবে এনসিপিকে দেড় কোটি টাকা দেওয়ার শর্তের কথাও উল্লেখ করেন তিনি।
আব্দুল কাদেরের দাবি, ৩০টি আসনের প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব জামায়াতের পক্ষ থেকে নির্ধারিত দুজন প্রতিনিধির ওপর থাকবে। তাঁদের মধ্যে একজন এনসিপির পক্ষ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং অন্যজন জামায়াতের পক্ষ থেকে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
এ ছাড়া তিনি বলেন, নাহিদ ইসলামের সঙ্গে আরও একটি রাজনৈতিক সমঝোতা হয়েছে, যেখানে পশ্চিমা দেশগুলোর অবস্থানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বা বিরোধীদলীয় নেতা হিসেবে নাহিদ ইসলামের নাম সামনে আনার আলোচনা হয়েছে বলে তিনি দাবি করেন।
পোস্টের শেষাংশে আব্দুল কাদের লেখেন, অনেক তরুণ নিজেদের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার ছেড়ে দেশের জন্য এগিয়ে এসেছিল এবং একটি নতুন রাজনৈতিক সম্ভাবনার স্বপ্ন দেখেছিল। তবে সাম্প্রতিক এই সিদ্ধান্তের মাধ্যমে সেই স্বপ্ন ভেঙে দেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন।