দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে গিয়ে ক্রিকেটার সাকিব আল হাসানের ভক্তদের করা অভিযোগ প্রসঙ্গে মুখ খুলেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অভিযোগ প্রমাণিত হলে যে কোনো ধরনের শাস্তি মেনে নিতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শ্যামপুর থানায় জাতীয় নাগরিক পার্টি আয়োজিত […]
ছবি: সংগৃহীত
দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে গিয়ে ক্রিকেটার সাকিব আল হাসানের ভক্তদের করা অভিযোগ প্রসঙ্গে মুখ খুলেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অভিযোগ প্রমাণিত হলে যে কোনো ধরনের শাস্তি মেনে নিতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শ্যামপুর থানায় জাতীয় নাগরিক পার্টি আয়োজিত এক ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আসিফ মাহমুদ।
তিনি বলেন, সাকিব আল হাসানকে খেলতে না দেওয়ার ইস্যুকে কেন্দ্র করে একটি পক্ষ পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে দুদকে গিয়ে অভিযোগ দাখিল করেছে। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ যদি সত্য প্রমাণিত হয়, তাহলে আমি সেটার দায় নিতে প্রস্তুত আছি। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেই বিষয়টি মোকাবিলা করব।
ইফতার মাহফিলে দেওয়া বক্তব্যে এনসিপির মুখপাত্র আরও বলেন, নাগরিক সমস্যা সমাধান এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মধ্য দিয়ে নতুন ধারার রাজনীতি গড়ে তুলতে চায় জাতীয় নাগরিক পার্টি। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নিয়মিত গণসংযোগ কার্যক্রম জোরদার করা হয়েছে। মাঠপর্যায়ে গিয়ে মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে দলটি সক্রিয় ভূমিকা রাখবে।
এসময় এনসিপির কেন্দ্রীয় ও ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, স্থানীয় পর্যায়ের সমস্যা দ্রুত শনাক্ত করে কার্যকর উদ্যোগ নিলে জনগণের আস্থা আরও বাড়বে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের কয়েকজন ভক্ত দুদক কার্যালয়ে গিয়ে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। দুদক সূত্র জানায়, এদিন ২০ থেকে ৩০ জনের একটি দল স্লোগান দিতে দিতে কার্যালয়ে প্রবেশ করে লিখিত অভিযোগ জমা দেয়।