জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব নিজেদেরই নিতে হবে। তিনি বলেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এনসিপি জনগণের পক্ষে কাজ করে যাচ্ছে এবং সেই অঙ্গীকার বাস্তবায়নে দলটি প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার (২০ জুলাই) বিকেলে পিরোজপুরে এনসিপির পদযাত্রা কর্মসূচি […]
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব নিজেদেরই নিতে হবে। তিনি বলেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এনসিপি জনগণের পক্ষে কাজ করে যাচ্ছে এবং সেই অঙ্গীকার বাস্তবায়নে দলটি প্রতিশ্রুতিবদ্ধ।
সোমবার (২০ জুলাই) বিকেলে পিরোজপুরে এনসিপির পদযাত্রা কর্মসূচি শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে শহরের সিও অফিস চত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।
হাসনাত আবদুল্লাহ বলেন, গত পাঁচ মাসে সংসদে কোনো চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার করা হয়নি। তিনি দাবি করেন, বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ব্যাংক খাতের লুটপাট, ভূমি দখল এবং ভোট জালিয়াতির বিরুদ্ধে তাঁর দল ধারাবাহিকভাবে অবস্থান নিয়েছে।
তিনি অভিযোগ করেন, অতীতে কিছু গোষ্ঠী ব্যাংকিং খাত, বিদ্যুৎ খাত এবং রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে। এ ধরনের অনিয়মের সংস্কৃতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এনসিপির এই নেতা আরও বলেন, দুর্নীতি, লুটপাট ও দখলদারত্বের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণের সম্পদ ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান, পিরোজপুর জেলা এনসিপির আহ্বায়ক হুমায়ুন কবির এবং পিরোজপুর-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শামীম হামিদী।
অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ পিরোজপুর জেলা এনসিপির সদস্য সচিব মইনুল আহসান মুন্নাকে পিরোজপুর পৌরসভার মেয়র পদে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।