সম্প্রতি রাজধানীর পল্লবীতে আট বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনাকে “ক্লাসিক উদাহরণ” হিসেবে উল্লেখ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তার মতে, ধর্ষণের মতো ঘটনাগুলো যখন বেশি আলোচনায় আসে, তখন তা ঘিরে রাজনৈতিক প্রতিযোগিতা শুরু হয়। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে “আর না ধর্ষণ, শিশু নিপীড়ন, বিচারহীনতা: কোন পথে সমাধান?” শীর্ষক গোলটেবিল আলোচনায় […]
ছবি: সংগৃহীত
সম্প্রতি রাজধানীর পল্লবীতে আট বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনাকে “ক্লাসিক উদাহরণ” হিসেবে উল্লেখ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তার মতে, ধর্ষণের মতো ঘটনাগুলো যখন বেশি আলোচনায় আসে, তখন তা ঘিরে রাজনৈতিক প্রতিযোগিতা শুরু হয়।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে “আর না ধর্ষণ, শিশু নিপীড়ন, বিচারহীনতা: কোন পথে সমাধান?” শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন। নারী ও শিশু নির্যাতনবিরোধী নাগরিক উদ্যোগ “আর না+” এই আলোচনা সভার আয়োজন করে। ঈদের আগে ২৪ মে শাহবাগে একটি প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে এই উদ্যোগের যাত্রা শুরু হয়।
রুমিন ফারহানা বলেন, পরিসংখ্যান অনুযায়ী গত এক মাসে অন্তত ১১৮টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যার বেশির ভাগ ভুক্তভোগী শিশু। কিন্তু একটি ঘটনা নিয়ে এতটা আলোচনা হয় যে তা রাজনৈতিক আলোচনার কেন্দ্রে চলে আসে। তার ভাষায়, একই সময়ে অন্য ঘটনাগুলোর যন্ত্রণা, কষ্ট ও প্রভাবও সমান, কিন্তু সেগুলো আলোচনায় তেমন জায়গা পায় না।
তিনি আরও বলেন, পল্লবীর ঘটনার পর রাজনৈতিক মহলের যে সক্রিয়তা দেখা গেছে, তা অন্য অনেক ঘটনার ক্ষেত্রে দেখা যায়নি। তার মতে, কোনো ঘটনার বিচারপ্রক্রিয়া শুরু হতে হলে সেটি আলোচিত হতে হবে, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করতে হবে, তারপরই সংশ্লিষ্টদের টনক নড়ে। তিনি এই প্রবণতাকে একধরনের বাছাইভিত্তিক মনোযোগ বা “চেরি-পিকিং” হিসেবে বর্ণনা করেন।
রুমিন ফারহানা বলেন, শতাধিক ঘটনার মধ্যে একটি ঘটনা যদি আলাদা করে আলোচনায় আসে, আর বাকি ঘটনাগুলো হারিয়ে যায়, তাহলে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। রাজনৈতিক রং লাগিয়ে বিচার প্রক্রিয়া পরিচালনার চেষ্টা চললে আইনের শাসনও দুর্বল হয়ে পড়ে বলে তিনি মন্তব্য করেন।
যৌনশিক্ষা ও সচেতনতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সমাজে এ বিষয়ে এখনও অনেক ট্যাবু রয়েছে। গণমাধ্যমের পাশাপাশি পরিবারকেও এ বিষয়ে দায়িত্ব নিতে হবে। ভালো স্পর্শ ও খারাপ স্পর্শ সম্পর্কে শিশুদের শেখাতে হবে। একই সঙ্গে পরিবারে ছেলে ও মেয়ে উভয়কেই বুঝিয়ে দিতে হবে যে যৌন হয়রানি একটি গুরুতর ফৌজদারি অপরাধ, এবং এর দায় অপরাধীর, ভুক্তভোগীর নয়।
তিনি আরও বলেন, এই সচেতনতা শুধু পরিবারে সীমাবদ্ধ থাকলে চলবে না; তা সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে হবে। ধর্ষণের ঘটনায় অনেক সময় আপস-মীমাংসার চেষ্টা করা হয় বলেও তিনি উল্লেখ করেন। তার মতে, বিচার বিভাগ আরও সক্রিয়, সংবেদনশীল ও ভুক্তভোগীবান্ধব হলে পরিস্থিতির উন্নতি সম্ভব।
ধর্ষণের সঙ্গে ক্ষমতার সম্পর্কের বিষয়েও তিনি কথা বলেন। রুমিন ফারহানা বলেন, অধিকাংশ ধর্ষণের পেছনে কোনো না কোনো ধরনের ক্ষমতার সম্পর্ক কাজ করে। কেউ অর্থনৈতিকভাবে, কেউ সামাজিকভাবে, আবার কেউ রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে এ ধরনের অপরাধ করে থাকে। তার মতে, সমাজে মেয়েদের দিকে সহজে আঙুল তোলা যায়, অথচ ছেলেদের ক্ষেত্রে সেই মানসিকতা এত সহজে তৈরি হয় না।
গোলটেবিল আলোচনা সঞ্চালনা করেন জাতীয় নাগরিক পার্টির সাবেক নেতা মুশফিক উস সালেহীন। আলোচনায় আরও বক্তব্য দেন চিকিৎসক ও এনসিপির সাবেক নেত্রী তাসনিম জারা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেত্রী উমামা ফাতেমা, নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের মুখপাত্র নাজিফা জান্নাত, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাধারণ সম্পাদক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন, আইনজীবী ও সাংবাদিক মানজুর আল মতিন, সুপ্রিম কোর্টের আইনজীবী ও ব্লাস্টের কর্মকর্তা আয়েশা আক্তার, গণবিপ্লবী উদ্যোগের প্রতিনিধি আরিফ সোহেল এবং জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির আহ্বায়ক নাঈম আহমাদ।