সরকারি চাকরিজীবীদের বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট ব্যবস্থায় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেলে শুধু গ্রেডভিত্তিক কাঠামো নয়, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং কর্মচারীদের প্রকৃত আর্থিক প্রয়োজন বিবেচনায় রেখে নতুন ইনক্রিমেন্ট ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমান পদ্ধতিতে প্রায় সব গ্রেডে একই হারে ইনক্রিমেন্ট দেওয়ার পরিবর্তে নতুন কাঠামোয় নিম্ন […]
ছবি: সংগৃহীত
সরকারি চাকরিজীবীদের বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট ব্যবস্থায় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেলে শুধু গ্রেডভিত্তিক কাঠামো নয়, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং কর্মচারীদের প্রকৃত আর্থিক প্রয়োজন বিবেচনায় রেখে নতুন ইনক্রিমেন্ট ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমান পদ্ধতিতে প্রায় সব গ্রেডে একই হারে ইনক্রিমেন্ট দেওয়ার পরিবর্তে নতুন কাঠামোয় নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের তুলনামূলক বেশি সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে অপেক্ষাকৃত কম বেতনভুক্ত কর্মীদের আয় বৃদ্ধিতে অগ্রাধিকার দেওয়ার চিন্তা করা হচ্ছে।
নবম পে-স্কেলের সুপারিশ দ্রুত মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানোর প্রস্তুতিও শুরু হয়েছে। এ বিষয়ে অর্থ বিভাগ প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। সরকারের লক্ষ্য আগামী ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর করা হলেও প্রশাসনিক ও আইনি কার্যক্রম শেষ হতে কিছুটা সময় লাগতে পারে। সে ক্ষেত্রে সরকারি কর্মচারীরা সেপ্টেম্বর বা অক্টোবর মাসে বর্ধিত বেতন এবং প্রাপ্য বকেয়া একসঙ্গে পেতে পারেন।
সূত্রগুলো জানিয়েছে, নতুন পে-স্কেল বাস্তবায়নের বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা চলছে। শুরুতে তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও বর্তমানে দুই ধাপে বাস্তবায়নের প্রস্তাবই বেশি গুরুত্ব পাচ্ছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
প্রস্তাবিত খসড়া অনুযায়ী, ষষ্ঠ থেকে ২০তম গ্রেড পর্যন্ত বার্ষিক ইনক্রিমেন্ট ৫ শতাংশ রাখার সুপারিশ করা হয়েছে। পঞ্চম গ্রেডে ৪ শতাংশ, তৃতীয় ও চতুর্থ গ্রেডে ৩ দশমিক ৫ শতাংশ এবং দ্বিতীয় গ্রেডে ২ দশমিক ৭৫ শতাংশ ইনক্রিমেন্টের প্রস্তাব রয়েছে। প্রথম গ্রেডের ইনক্রিমেন্ট পৃথকভাবে নির্ধারণ করা হবে।
নতুন বেতন কাঠামো তৈরির আগে পরিচালিত এক জরিপে অংশ নেন ১ লাখ ৬৭ হাজার ৫০০ সরকারি চাকরিজীবী, ৬১ হাজার ৫০০ সাধারণ নাগরিক এবং ৩ হাজার ৫১৩টি প্রতিষ্ঠানের প্রধান। জরিপে মাত্র ৫ দশমিক ৬ শতাংশ অংশগ্রহণকারী বর্তমান ইনক্রিমেন্ট পদ্ধতির পক্ষে মত দেন। অন্যদিকে ৫০ দশমিক ৪৩ শতাংশ মূল্যস্ফীতির সঙ্গে ইনক্রিমেন্ট সমন্বয়ের পক্ষে এবং ৩১ দশমিক ৫৪ শতাংশ জীবনযাত্রার ব্যয়কে ভিত্তি করে ইনক্রিমেন্ট নির্ধারণের পক্ষে মত দেন। এছাড়া ৭৯ দশমিক ৫ শতাংশ অংশগ্রহণকারী ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন আরও বাড়ানোর সুপারিশ করেছেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘লিভিং স্ট্যান্ডার্ড সার্ভে-২০২৫’-এর তথ্যও এই প্রস্তাব প্রণয়নে বিবেচনায় নেওয়া হয়েছে। জরিপ অনুযায়ী, দেশে একটি পরিবারের গড় মাসিক ব্যয় ৩৫ হাজার ৩১১ টাকা। সিটি করপোরেশন এলাকায় এই ব্যয় ৪৬ হাজার ৭৭৮ টাকা এবং ছয় সদস্যের একটি পরিবারের মাসিক গড় ব্যয় ৬৬ হাজার ২৫৩ টাকা।
বেতন কমিশনের প্রস্তাবে প্রথম গ্রেডের মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা এবং ২০তম গ্রেডের মূল বেতন ২০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। তবে সচিব কমিটিতে প্রথম গ্রেডের মূল বেতন দেড় লাখ টাকা নির্ধারণ এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৭.৫ করার বিষয়েও আলোচনা চলছে। বর্তমানে এই অনুপাত ১:৯.৪।
প্রস্তাবিত কাঠামো বাস্তবায়িত হলে ২০তম গ্রেডের একজন সরকারি কর্মচারীর মোট বেতন-ভাতা বর্তমান প্রায় ১৬ হাজার ৯৫০ টাকা থেকে বেড়ে প্রায় ৪১ হাজার ৯০৮ টাকায় পৌঁছাতে পারে। পাশাপাশি যাতায়াত, টিফিন, ধোলাই ও ঝুঁকিভাতাসহ বিভিন্ন ভাতা, বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য, বাড়ানোরও সুপারিশ করা হয়েছে।