বিদেশ ভ্রমণের জন্য আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে বিমানের টিকিট কেনার সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বৈধ ভিসাধারী বাংলাদেশি নাগরিকরা বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী বিদেশি এয়ারলাইনসের টিকিট আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে কিনতে পারবেন। সোমবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনার ফলে আগে থাকা কিছু শর্ত ছাড়াই বৈধ ভিসা থাকলেই বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার […]
ছবি: সংগৃহীত
-সংগৃহীত
বিদেশ ভ্রমণের জন্য আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে বিমানের টিকিট কেনার সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বৈধ ভিসাধারী বাংলাদেশি নাগরিকরা বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী বিদেশি এয়ারলাইনসের টিকিট আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে কিনতে পারবেন।
সোমবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনার ফলে আগে থাকা কিছু শর্ত ছাড়াই বৈধ ভিসা থাকলেই বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার এই সুবিধা পাওয়া যাবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, বিদেশি এয়ারলাইনসগুলো নিজেদের আন্তর্জাতিক অ্যাকোয়ারিং ও পেমেন্ট সেটেলমেন্ট ব্যবস্থার মাধ্যমে দেশের বাইরে টিকিট বিক্রির অর্থ নিষ্পত্তি করলেও আন্তর্জাতিক কার্ডে টিকিট কেনার সুবিধা পাওয়া যাবে। বর্তমানে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা ১৭টি বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে।
সংশ্লিষ্ট এয়ারলাইনসের মার্চেন্ট ক্যাটাগরি কোড (এমসিসি) ব্যবহার করে ব্যাংকগুলো যোগ্য টিকিট কেনার লেনদেন শনাক্ত করবে।
নতুন ব্যবস্থায় আন্তর্জাতিক কার্ড দিয়ে কেনা যোগ্য টিকিটের মূল্য গ্রাহকের ভ্রমণ কোটার সীমার মধ্যে গণনা করা হবে না। লেনদেন যাচাই শেষে টিকিট কেনায় ব্যয় করা অর্থ গ্রাহকের আন্তর্জাতিক কার্ডে পুনরায় জমা বা রিফিল করতে পারবে সংশ্লিষ্ট ব্যাংক। তবে এটি ব্যাংক ও গ্রাহকের বিদ্যমান সম্পর্কের আওতাধীন ব্যবস্থার ওপর নির্ভর করবে।
এ ধরনের লেনদেন নির্ধারিত রিপোর্টিং ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ ব্যাংককে জানাতেও ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, নতুন ব্যবস্থার ফলে বিদেশি এয়ারলাইনসগুলোর টিকিট বিক্রির অর্থ নিষ্পত্তির জন্য বাংলাদেশে স্থানীয় অ্যাকোয়ারিং ব্যাংকের সঙ্গে আলাদা ব্যবস্থা করার প্রয়োজন কমবে। একই সঙ্গে অনলাইনে বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার প্রক্রিয়াও সহজ হবে।