দীর্ঘ দুই দশকের আইনি লড়াইয়ের পর নিউইয়র্ক সিটির ট্যাক্সি, লিভারি, ব্ল্যাক কার, উবার ও লিফটসহ টিএলসি (Taxi and Limousine Commission) লাইসেন্সধারী প্রায় ১৯ হাজার ৫০০ চালকের জন্য বড় ধরনের আইনি বিজয় এসেছে। যুক্তরাষ্ট্রের সেকেন্ড সার্কিট কোর্ট অব আপিলস সর্বোচ্চ ১৪০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ চুক্তির অনুমোদন দিয়েছে। আদালত এই সমঝোতাকে নিউইয়র্ক সিটির ইতিহাসে ‘ডিউ প্রসেস’ বা […]
ছবি: সংগৃহীত
দীর্ঘ দুই দশকের আইনি লড়াইয়ের পর নিউইয়র্ক সিটির ট্যাক্সি, লিভারি, ব্ল্যাক কার, উবার ও লিফটসহ টিএলসি (Taxi and Limousine Commission) লাইসেন্সধারী প্রায় ১৯ হাজার ৫০০ চালকের জন্য বড় ধরনের আইনি বিজয় এসেছে। যুক্তরাষ্ট্রের সেকেন্ড সার্কিট কোর্ট অব আপিলস সর্বোচ্চ ১৪০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ চুক্তির অনুমোদন দিয়েছে।
আদালত এই সমঝোতাকে নিউইয়র্ক সিটির ইতিহাসে ‘ডিউ প্রসেস’ বা যথাযথ আইনি প্রক্রিয়া-সংক্রান্ত সবচেয়ে বড় ক্ষতিপূরণ চুক্তি হিসেবে উল্লেখ করেছে। বিচারপতি রিচার্ড জে. সুলিভান গত ৩০ জুন এই সমঝোতা অনুমোদন করেন। আদালতের ভাষ্য অনুযায়ী, এটি যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সাংবিধানিক অধিকারভিত্তিক ক্ষতিপূরণ চুক্তির একটি।
মামলার মূল অভিযোগ ছিল, কোনো চালক গ্রেপ্তার হলেই—আদালতে দোষী সাব্যস্ত হওয়ার আগেই—নিউইয়র্ক সিটির টিএলসি তাদের লাইসেন্স স্থগিত করে দিত। অনেক ক্ষেত্রেই পরে অভিযোগ খারিজ হয়ে যেত বা মামলার গুরুত্ব কমে যেত। কিন্তু ততদিনে চালকের আয়ের পথ বন্ধ হয়ে যেত এবং পরিবারকে চরম আর্থিক সংকটে পড়তে হতো।
চালকদের অভিযোগ ছিল, লাইসেন্স স্থগিতের আগে বা পরে তাদের যথাযথ শুনানির সুযোগ দেওয়া হতো না। ফলে আদালতের রায়ের আগেই তাদের কার্যত দোষী হিসেবে বিবেচনা করা হতো।
এই মামলার সূচনা হয় ২০০৬ সালে। ম্যানহাটনের আইনজীবী ড্যানিয়েল অ্যাকম্যান প্রথম মামলাটি দায়ের করেন।
তিনি বলেন, “কোনো মামলা এত দীর্ঘ হওয়া উচিত নয় যে সেটি কলেজে পড়ার বয়সে পৌঁছে যায়। কিন্তু এই মামলায় সেটাই হয়েছে।”
তার ভাষ্য, বছরের পর বছর টিএলসি এমন একটি নীতি অনুসরণ করেছে, যা শুরু থেকেই অসাংবিধানিক বলে তারা দাবি করে আসছিলেন।
মামলার প্রথম বাদী ছিলেন কুইন্সের ট্যাক্সিচালক জনাথন নেবে। ১৯৯২ সাল থেকে তিনি ট্যাক্সি চালাতেন। একদিন দুই যাত্রী ভাড়া না দিয়ে পালিয়ে যাওয়ার পর উল্টো তার বিরুদ্ধেই অভিযোগ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তার লাইসেন্স স্থগিত করা হয়।
পরবর্তীতে জানা যায়, একই ধরনের ঘটনার শিকার হয়েছেন হাজার হাজার টিএলসি লাইসেন্সধারী চালক।
আদালতের অনুমোদিত সমঝোতা অনুযায়ী, ২০০৩ সালের ২৮ জুন থেকে ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারির মধ্যে যেসব টিএলসি লাইসেন্সধারী চালকের লাইসেন্স গ্রেপ্তারের কারণে স্থগিত করা হয়েছিল, তারা ক্ষতিপূরণের আওতায় আসবেন।
ক্ষতিপূরণের পরিমাণ সবার জন্য সমান হবে না। লাইসেন্স কতদিন স্থগিত ছিল এবং ক্ষতিপূরণ শুনানির আবেদন করা হয়েছিল কি না—এসব বিষয় বিবেচনা করে অর্থ নির্ধারণ করা হবে।
কিছু চালক সর্বোচ্চ ৩৬ হাজার ডলার পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন। এছাড়া মামলার মূল বাদীরা অতিরিক্ত ১৫ হাজার ডলার পাবেন।
১৪০ মিলিয়ন ডলারের এই তহবিলের ২৫ শতাংশ, অর্থাৎ ৩৫ মিলিয়ন ডলার, বাদীপক্ষের আইনজীবীদের পারিশ্রমিক হিসেবে বরাদ্দ করা হয়েছে। নিউইয়র্ক সিটি এই অর্থ কমানোর আবেদন করলেও আদালত তা প্রত্যাখ্যান করেছেন।
নিউইয়র্ক সিটির টিএলসি জানিয়েছে, এই মামলার কেন্দ্রে থাকা নীতিটি তারা অনেক আগেই বাতিল করেছে। ২০২০ সালে লাইসেন্স স্থগিতের পুরো প্রক্রিয়ায় পরিবর্তন এনে চালকদের ন্যায্য শুনানি ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে।
নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক ভৈরবী দেশাই বলেন, “এটি শুধু একটি আইনি বিজয় নয়; এটি হাজারো চালকের মর্যাদা ও ন্যায়বিচারের স্বীকৃতি। তবে প্রকৃত স্বস্তি তখনই আসবে, যখন ক্ষতিপূরণের অর্থ চালকদের হাতে পৌঁছাবে। হারিয়ে যাওয়া সময় বা ক্ষতির পূরণ কখনোই সম্ভব নয়, কিন্তু এই অর্থ অন্তত তাদের ভবিষ্যৎকে কিছুটা নিরাপদ করবে।”
দীর্ঘ ২০ বছরের আইনি লড়াই শেষে এই রায়কে নিউইয়র্কের টিএলসি লাইসেন্সধারী চালকদের জন্য একটি ঐতিহাসিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশি, দক্ষিণ এশীয় এবং অন্যান্য অভিবাসী চালকদের বড় একটি অংশ এই ক্ষতিপূরণের আওতায় আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে।