নিউইয়র্ক সিটিতে ডেলিভারি কর্মীদের জন্য বিশেষভাবে তৈরি একটি ‘রেস্ট অ্যান্ড রিচার্জ’ হাব চালু হয়েছে, যেখানে তারা কাজের ফাঁকে বিশ্রাম নিতে, ই-বাইক চার্জ করতে এবং প্রতিকূল আবহাওয়া থেকে নিরাপদ আশ্রয় পেতে পারবেন। মঙ্গলবার সিটি হলের পাশে একটি পুরোনো নিউজস্ট্যান্ডের জায়গায় এই আধুনিক সুবিধাকেন্দ্রটির উদ্বোধন করা হয়। এটিকে যুক্তরাষ্ট্রে এ ধরনের প্রথম উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। শহরজুড়ে […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটিতে ডেলিভারি কর্মীদের জন্য বিশেষভাবে তৈরি একটি ‘রেস্ট অ্যান্ড রিচার্জ’ হাব চালু হয়েছে, যেখানে তারা কাজের ফাঁকে বিশ্রাম নিতে, ই-বাইক চার্জ করতে এবং প্রতিকূল আবহাওয়া থেকে নিরাপদ আশ্রয় পেতে পারবেন। মঙ্গলবার সিটি হলের পাশে একটি পুরোনো নিউজস্ট্যান্ডের জায়গায় এই আধুনিক সুবিধাকেন্দ্রটির উদ্বোধন করা হয়। এটিকে যুক্তরাষ্ট্রে এ ধরনের প্রথম উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
শহরজুড়ে কর্মরত প্রায় ৮৫ হাজার ডেলিভারি কর্মীর জন্য এই হাব বড় সহায়তা হিসেবে বিবেচিত হলেও শ্রম অধিকারকর্মীদের একাংশের মতে, এই খাতে আরও বিস্তৃত অবকাঠামো গড়ে তোলার প্রয়োজন রয়েছে।
প্রায় ১০ লাখ ডলার ব্যয়ে নির্মিত এই কেন্দ্রে ডেলিভারি কর্মীরা বৃষ্টি বা তুষারপাতের সময় আশ্রয় নিতে পারবেন। পাশাপাশি রয়েছে ফোন চার্জিং, ই-বাইক চার্জিং এবং বাইকের টায়ারে বাতাস দেওয়া বা টায়ার বদলের সুবিধা। ভবিষ্যতে এখানে হিটিং, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং বাথরুম সুবিধা যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
চার বছর আগে পাওয়া একটি ফেডারেল অনুদানের অর্থে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। এ উদ্যোগের পেছনে ভূমিকা রেখেছেন মার্কিন সিনেটর Chuck Schumer এবং তৎকালীন মেয়র Eric Adams।
উদ্যোগটির বিষয়ে শুমার বলেন, ডেলিভারি কর্মীদের জন্য আগে বিশ্রাম বা খারাপ আবহাওয়া থেকে বাঁচার কোনো নির্দিষ্ট জায়গা ছিল না। তার মতে, এমন একটি সহজ কিন্তু কার্যকর আশ্রয়কেন্দ্র তাদের দৈনন্দিন কাজে বড় স্বস্তি দেবে।
বর্তমান মেয়র Zohran Mamdani উদ্বোধনে উপস্থিত না থাকলেও তার প্রথম ১০০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে প্রকল্পটি দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছিলেন।
মেয়র মামদানি বলেন, ডেলিভারি কর্মীরাই প্রতিদিন শহরের সেবা সচল রাখেন। ঝড়, বৃষ্টি বা তীব্র শীত—সব পরিস্থিতিতেই তারা কাজ চালিয়ে যান। তাই তাদের জন্য বিশ্রাম, নিরাপদ চার্জিং এবং প্রয়োজনীয় সহায়তা পাওয়ার সুযোগ নিশ্চিত করা জরুরি, আর নতুন এই ‘ডেলিভারিস্টা হাব’ সেই চাহিদা পূরণ করবে।
বিশ্রাম ও চার্জিং সুবিধার পাশাপাশি এই হাবে অ্যাপভিত্তিক কর্মীদের জন্য নিরাপত্তা, মজুরি বঞ্চনা এবং অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন সংক্রান্ত পরামর্শ সেবাও দেওয়া হবে।