নিউইয়র্কের ব্রুকলিনে দুই আন্ডারকভার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ মারধরের অভিযোগ তুলেছেন টিমোথি ব্রাউন নামে এক ব্যক্তি। এ ঘটনায় তিনি নিউইয়র্ক সিটি ও পুলিশ বিভাগের বিরুদ্ধে ১০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন। ভুক্তভোগীর আইনজীবীদের অভিযোগ, সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা অবৈধভাবে বলপ্রয়োগ করেছেন এবং গুরুতর অসদাচরণে জড়িত ছিলেন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে হুইলচেয়ারে উপস্থিত হন টিমোথি ব্রাউন। তার […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্কের ব্রুকলিনে দুই আন্ডারকভার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ মারধরের অভিযোগ তুলেছেন টিমোথি ব্রাউন নামে এক ব্যক্তি। এ ঘটনায় তিনি নিউইয়র্ক সিটি ও পুলিশ বিভাগের বিরুদ্ধে ১০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন।
ভুক্তভোগীর আইনজীবীদের অভিযোগ, সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা অবৈধভাবে বলপ্রয়োগ করেছেন এবং গুরুতর অসদাচরণে জড়িত ছিলেন।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে হুইলচেয়ারে উপস্থিত হন টিমোথি ব্রাউন। তার হাতে ক্রাচ ও কাঁধে স্লিং দেখা যায়। তিনি বলেন,
“আমি আর কখনো আগের মতো হব না।”
জানা গেছে, গত ১৪ এপ্রিল কাজ শেষে বোয়েরাম হিল এলাকার একটি লিকার স্টোরে ওয়াইন কিনতে গিয়েছিলেন তিনি। অভিযোগ অনুযায়ী, সাদা পোশাকে থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ইউনিটের দুই গোয়েন্দা তাকে ভুলভাবে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে হামলা চালান।
ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, দুই কর্মকর্তা তাকে বারবার ঘুষি মারছেন এবং তার মাথা দোকানের কাউন্টারের কাচে আঘাত করছেন। এক পর্যায়ে একজন তার হাত পেছনে চেপে ধরেন, আরেকজন তার পেটে হাঁটু দিয়ে আঘাত করেন। পরে তাকে ভাঙা কাচের ওপর দিয়ে টেনে নিয়ে মেঝেতে ফেলে দেওয়া হয়।
এ ঘটনায় তার মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। তিনি জানান, এখন হাঁটাচলায় কষ্ট হচ্ছে এবং গৃহভিত্তিক সেবাকর্মী হিসেবে আর কাজ করতে পারছেন না।
শারীরিক আঘাতের পাশাপাশি মানসিকভাবেও তিনি বিপর্যস্ত বলে জানান। তার ভাষায়,
“আমি এখনও শকে আছি। মাথায় আঘাতের কারণে সবকিছু ঝাপসা লাগে।”
তার আইনজীবী ডেরেক সেলার্স বলেন,
“তার ওপর যে নির্যাতন চালানো হয়েছে, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। পরে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টাও হয়েছে।”
আইনজীবীদের দাবি, অভিযুক্ত কর্মকর্তারা বডি ক্যামেরা ব্যবহার করেননি এবং দোকানে ঢোকার সময় নিজেদের পরিচয়ও দেননি। এছাড়া টিমোথি ব্রাউনের বিরুদ্ধে কোনো মাদকসংক্রান্ত প্রমাণ পাওয়া যায়নি।
অভিযুক্ত দুই কর্মকর্তা—ডিটেকটিভ ভলকান মাদেন ও ডিটেকটিভ মাইকেল আলজেরিও—এর বিরুদ্ধে অতীতেও বেসামরিক অভিযোগ উঠেছিল বলে জানা গেছে।
ঘটনার পর নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই আচরণের নিন্দা জানিয়েছেন। পুলিশ কমিশনার জেসিকা টিশ অভিযুক্ত দুই কর্মকর্তার ব্যাজ ও অস্ত্র সাময়িকভাবে প্রত্যাহার করেছেন। পাশাপাশি ব্রুকলিন নর্থ মাদকদ্রব্য ইউনিট ভেঙে দিয়ে ৯০ দিনের অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়েছে।
তবে ব্রাউনের পরিবারের অভিযোগ, মেয়র কিংবা পুলিশ কমিশনার এখনো সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করেননি।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নিউইয়র্কে পুলিশি বলপ্রয়োগ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
সূত্র: পিক্স-ইলেভেন নিউজ