সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
৫:২৩ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬

নিউইয়র্কে বন্ধ হচ্ছে ঘোড়ার গাড়ি, ২০২৮ সালে শেষ হবে সেন্ট্রাল পার্কের দেড় শতাব্দীর ঐতিহ্য

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ঘোড়ার গাড়ি চলাচল বন্ধের আইন কার্যকর হতে যাচ্ছে। সেন্ট্রাল পার্কসহ শহরের বিভিন্ন এলাকায় পর্যটকদের আকর্ষণ হিসেবে পরিচিত ঘোড়ায় টানা গাড়ির এই দীর্ঘদিনের ঐতিহ্য শেষ করার লক্ষ্যে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) একটি বিলে স্বাক্ষর করেছেন মেয়র জোহরান মামদানি। নতুন আইন অনুযায়ী, ২০২৮ সালের ১ জুনের মধ্যে শহরে ঘোড়ার গাড়ি চলাচল বন্ধ করতে হবে। ‘রোমাঞ্চ’স […]

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ, শেষ হচ্ছে সেন্ট্রাল পার্কের শতবর্ষী ঐতিহ্য

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ঘোড়ার গাড়ি চলাচল বন্ধের আইন কার্যকর হতে যাচ্ছে। সেন্ট্রাল পার্কসহ শহরের বিভিন্ন এলাকায় পর্যটকদের আকর্ষণ হিসেবে পরিচিত ঘোড়ায় টানা গাড়ির এই দীর্ঘদিনের ঐতিহ্য শেষ করার লক্ষ্যে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) একটি বিলে স্বাক্ষর করেছেন মেয়র জোহরান মামদানি। নতুন আইন অনুযায়ী, ২০২৮ সালের ১ জুনের মধ্যে শহরে ঘোড়ার গাড়ি চলাচল বন্ধ করতে হবে।

‘রোমাঞ্চ’স ল’ নামে পরিচিত আইনটি সেন্ট্রাল পার্কে ঘোড়ার গাড়ির দুর্ঘটনায় ১৮ বছর বয়সী ভারতীয় পর্যটক রোমাঞ্চ মহাজনের মৃত্যুর পর নতুন করে আলোচনায় আসে। চলতি বছরের জুনে পরিবারের সঙ্গে নিউইয়র্ক ভ্রমণে এসে ঘোড়ার গাড়িতে চড়েছিলেন তিনি। একপর্যায়ে ঘোড়াটি নিয়ন্ত্রণ হারিয়ে ছুটতে শুরু করলে গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন রোমাঞ্চ। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

বৃহস্পতিবার সিটি হলে আইনটিতে স্বাক্ষরের সময় মেয়র মামদানি বলেন, প্রায় ১৫০ বছর ধরে ঘোড়ার গাড়ি সেন্ট্রাল পার্কের পরিচিত দৃশ্য হয়ে ছিল। এবার সেই অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। তবে এ শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের জীবিকার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানান তিনি।

নতুন আইন কার্যকর হলে ঘোড়ার গাড়ির চালক, মালিক, আস্তাবলের কর্মীসহ প্রায় ২০০ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাঁদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে প্রশিক্ষণ, পেশাগত পরামর্শ, উদ্যোক্তা হওয়ার সহায়তা এবং চাকরির সঙ্গে যুক্ত হওয়ার বিভিন্ন কর্মসূচি নেওয়ার কথা জানিয়েছে মেয়র প্রশাসন।

এ ছাড়া ঘোড়ার গাড়ির মালিকদের মেডেলিয়ন পুনরায় কিনে নেওয়া এবং কর্মীদের আর্থিক ও পেশাগত সহায়তার বিষয়টিও বিবেচনায় রয়েছে। এ বিষয়ে বিস্তারিত রূপান্তর পরিকল্পনা ২০২৭ সালের এপ্রিলের মধ্যে প্রকাশ করার কথা জানিয়েছে সিটি প্রশাসন।

আইনের বিরুদ্ধে আদালতে শ্রমিক ইউনিয়ন

ঘোড়ার গাড়ি বন্ধের আইন নিয়ে শুরু থেকেই মতবিরোধ রয়েছে। প্রাণী অধিকারকর্মীরা ঘোড়াগুলোর নিরাপত্তা ও কল্যাণের কথা তুলে ধরে নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়েছেন। অন্যদিকে, এ শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক ও মালিকেরা বলছেন, আইনটি তাঁদের দীর্ঘদিনের জীবিকা ও বিনিয়োগকে ঝুঁকির মুখে ফেলবে।

বৃহস্পতিবার মেয়র আইনে স্বাক্ষর করার কিছুক্ষণের মধ্যেই ঘোড়ার গাড়ির চালকদের প্রতিনিধিত্বকারী ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়ন ম্যানহাটনের ফেডারেল আদালতে মামলা করেছে। আইনটিকে অসাংবিধানিক ও স্বেচ্ছাচারী দাবি করে নিষেধাজ্ঞা কার্যকর ঠেকানোর আবেদন জানিয়েছে ইউনিয়নটি।

ইউনিয়নের অভিযোগ, শহরের দেওয়া মেডেলিয়ন কিনতে মালিকেরা বিপুল অর্থ বিনিয়োগ করেছেন। কিন্তু নতুন আইনে তাঁদের সম্পত্তির অধিকার ও ক্ষতিপূরণের বিষয়টি যথাযথভাবে নিশ্চিত করা হয়নি। ইউনিয়নটির নেতা জন স্যামুয়েলসেনও আইনটির বিরোধিতা করে বলেছেন, কর্মীদের ভবিষ্যৎ ও আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা আইনে স্পষ্টভাবে থাকা প্রয়োজন।

নিউইয়র্ক সিটি কাউন্সিল গত ২২ অক্টোবর ৪০-৭ ভোটে বিলটি অনুমোদন করে। দুই সদস্য ভোটদানে বিরত ছিলেন। দীর্ঘদিন ধরে চলে আসা ঘোড়ার গাড়ি বন্ধের প্রচেষ্টায় এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ঘোড়ার গাড়ি চলাচল বন্ধের পাশাপাশি বিকল্প হিসেবে বৈদ্যুতিক গাড়ি এবং প্যাডেল-সহায়ক সাইকেল ব্যবহারের সম্ভাবনাও যাচাই করবে শহর কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে ঘোড়াগুলোর নিরাপদ অবসর ও উপযুক্ত আশ্রয়ের ব্যবস্থা করার বিষয়টিও পরিকল্পনায় রয়েছে।

১৮৫০-এর দশক থেকে নিউইয়র্কের পর্যটন সংস্কৃতির অংশ হয়ে ওঠা ঘোড়ার গাড়ি শহরের পরিচিত দৃশ্যগুলোর একটি। নতুন আইন কার্যকর হলে সেই ঐতিহ্যের অবসান ঘটবে। তবে আইনটির বিরুদ্ধে দায়ের করা মামলার কারণে নিষেধাজ্ঞার ভবিষ্যৎ বাস্তবায়ন নিয়ে আইনি লড়াইও শুরু হয়েছে।

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ