নিউইয়র্ক সিটি ও আশপাশের ট্রাই-স্টেট অঞ্চলে চলতি সপ্তাহজুড়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে বুধবার থেকে শহরজুড়ে ‘এক্সট্রিম হিট ওয়ার্নিং’ বা চরম তাপমাত্রার সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের বেশিরভাগ সময় অনুভূত তাপমাত্রা ৯০ থেকে ১০০ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকতে পারে। বিশেষ করে বুধবার ও বৃহস্পতিবার গরমের তীব্রতা আরও […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটি ও আশপাশের ট্রাই-স্টেট অঞ্চলে চলতি সপ্তাহজুড়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে বুধবার থেকে শহরজুড়ে ‘এক্সট্রিম হিট ওয়ার্নিং’ বা চরম তাপমাত্রার সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের বেশিরভাগ সময় অনুভূত তাপমাত্রা ৯০ থেকে ১০০ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকতে পারে। বিশেষ করে বুধবার ও বৃহস্পতিবার গরমের তীব্রতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি নাগরিকদের সতর্ক করে বলেছেন, “এটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি এবং শহরের প্রতিটি এলাকাই এর প্রভাব অনুভব করবে।”
তাপপ্রবাহের প্রভাব মোকাবিলায় নগরজুড়ে শতাধিক কুলিং সেন্টার চালু করেছে সিটি প্রশাসন। স্কুল, পাবলিক লাইব্রেরি এবং জ্যাভিটস সেন্টারসহ বিভিন্ন স্থানে এসব কেন্দ্র খোলা রাখা হয়েছে, যেখানে মানুষ সাময়িকভাবে গরম থেকে আশ্রয় নিতে পারবেন। পাশাপাশি শহরের বিভিন্ন সুইমিং পুলের কার্যক্রমও বাড়তি সময় পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবার প্রথমবারের মতো নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ ১৫টি কুলিং আউটরিচ ভ্যান মোতায়েন করছে। এসব ভ্যানে নার্স ও প্যারামেডিকরা দায়িত্ব পালন করবেন এবং প্রয়োজনে বয়স্ক ও ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের খোঁজখবর নেবেন।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের স্বাস্থ্য কমিশনার ডা. জেমস ম্যাকডোনাল্ড বলেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে এটি সবচেয়ে গুরুতর তাপজনিত স্বাস্থ্যঝুঁকির ঘটনা হতে পারে। তিনি নাগরিকদের পর্যাপ্ত পানি পান, শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে অবস্থান এবং হিট স্ট্রোক বা তাপজনিত অসুস্থতার লক্ষণ সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।
শহরের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত বছর তাপজনিত কারণে ২১ জন নিউইয়র্কবাসীর মৃত্যু হয়েছিল। এর মধ্যে ১৯ জনের মৃত্যু ঘটে জুন মাসের তীব্র তাপপ্রবাহ চলাকালে।
অস্বাভাবিক গরমের কারণে নিউ জার্সির মনমাউথ কাউন্টিতে আগামী ৩ জুলাই অনুষ্ঠিতব্য ‘মনমাউথএনজে ২৫০: দ্য কনসার্ট অ্যাট পার্কস্টেজ’ অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে। জননিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানটি আগামী ১৭ জুলাই আয়োজন করা হবে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশু, বয়স্ক ব্যক্তি এবং পোষা প্রাণীদের প্রতি বিশেষ নজর দেওয়ার পাশাপাশি সরাসরি রোদে দীর্ঘ সময় অবস্থান না করা, পর্যাপ্ত পানি পান করা এবং অপ্রয়োজনীয় শারীরিক পরিশ্রম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।