নির্বাচনের পর কোনো বিলম্ব না করে যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন। বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, নির্বাচন শেষে অন্তর্বর্তী সরকার আরও ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকবে—এমন প্রচারণা সম্পূর্ণ […]
ছবি: সংগৃহীত
নির্বাচনের পর কোনো বিলম্ব না করে যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, নির্বাচন শেষে অন্তর্বর্তী সরকার আরও ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকবে—এমন প্রচারণা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর।
তিনি লেখেন, যারা এ ধরনের প্রচার চালাচ্ছেন, তাদের উদ্দেশ্য অসৎ। এরাই কিছুদিন আগেও নির্বাচন নিয়ে জনমনে সংশয় তৈরি করার চেষ্টা করেছে। এখন যখন স্পষ্ট হচ্ছে যে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তখন তারা নতুন করে ষড়যন্ত্রমূলক বক্তব্য ছড়াচ্ছে।
উপ-প্রেস সচিব আরও বলেন, লক্ষ্য করা যাচ্ছে—এই ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় অনেক শিক্ষিত মানুষও বিভ্রান্ত হচ্ছেন, যা উদ্বেগজনক। তবে বাস্তবতা হলো, এসব গুজবের কোনো ভিত্তি নেই।
তিনি জোর দিয়ে বলেন, নির্বাচন সম্পন্ন হওয়ার পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে সরকারের দায়িত্ব হস্তান্তর করা হবে। এতে কোনো ধরনের দীর্ঘসূত্রতা বা অতিরিক্ত সময় নেওয়ার পরিকল্পনা সরকারের নেই।