বিশ্বের অন্যতম প্রভাবশালী মাদকচক্র সিনালোয়া কার্টেলের সহ-প্রতিষ্ঠাতা ও দীর্ঘদিনের নেতা ইসমাইল ‘এল মায়ো’ জাম্বাদা গার্সিয়াকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিন ফেডারেল আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। আন্তর্জাতিক মাদক পাচার, সংঘবদ্ধ অপরাধ পরিচালনা এবং যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন, হেরোইন, মেথামফেটামিন ও ফেন্টানিল সরবরাহের দায়ে ৭৬ বছর বয়সী এই মাদক সম্রাটের বিরুদ্ধে সোমবার রায় ঘোষণা করা হয়। ব্রুকলিন ফেডারেল আদালতের […]
ছবি: সংগৃহীত
বিশ্বের অন্যতম প্রভাবশালী মাদকচক্র সিনালোয়া কার্টেলের সহ-প্রতিষ্ঠাতা ও দীর্ঘদিনের নেতা ইসমাইল ‘এল মায়ো’ জাম্বাদা গার্সিয়াকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিন ফেডারেল আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। আন্তর্জাতিক মাদক পাচার, সংঘবদ্ধ অপরাধ পরিচালনা এবং যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন, হেরোইন, মেথামফেটামিন ও ফেন্টানিল সরবরাহের দায়ে ৭৬ বছর বয়সী এই মাদক সম্রাটের বিরুদ্ধে সোমবার রায় ঘোষণা করা হয়।
ব্রুকলিন ফেডারেল আদালতের বিচারক ব্রায়ান কোগান রায় ঘোষণা করে বলেন, জাম্বাদার নেতৃত্বে পরিচালিত অপরাধচক্র কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ মাদক প্রবেশ করিয়েছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে অসংখ্য হত্যাকাণ্ড, সহিংসতা এবং প্রাণঘাতী মাদক সংকট জড়িত। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, তার অপরাধের গুরুত্ব বিবেচনায় যাবজ্জীবন কারাদণ্ডই ছিল উপযুক্ত ও বাধ্যতামূলক শাস্তি।
রায় ঘোষণার আগে আদালতে বক্তব্য দিতে গিয়ে জাম্বাদা নিজের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ করেন। তিনি বলেন, সহিংসতা কখনো কোনো সমস্যার সমাধান হতে পারে না এবং নতুন প্রজন্মকে অপরাধের পথ থেকে দূরে থাকার আহ্বান জানান। তবে প্রসিকিউটররা যুক্তি দেন, তার নেতৃত্বাধীন সিনালোয়া কার্টেলের কারণে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে যে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটেছে, তা কোনো অনুশোচনার মাধ্যমে পূরণ হওয়ার নয়।
এর আগে ২০২৫ সালে জাম্বাদা সংঘবদ্ধ অপরাধ পরিচালনা, মাদক পাচার এবং অপরাধী চক্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগে আদালতে দোষ স্বীকার করেন। দোষ স্বীকারের ফলে দীর্ঘ বিচারপ্রক্রিয়া এড়ানো সম্ভব হলেও মৃত্যুদণ্ডের পরিবর্তে তাকে বাধ্যতামূলক যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
আদালত কারাদণ্ডের পাশাপাশি জাম্বাদার প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে। তবে প্রসিকিউটরদের ভাষ্য, ওই বিপুল সম্পদের বড় অংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
২০২৪ সালের জুলাইয়ে টেক্সাসের এল পাসোতে এক নাটকীয় অভিযানে জাম্বাদাকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাষ্ট্রের তদন্তে উঠে আসে, সিনালোয়া কার্টেলের আরেক নেতা জোয়াকিন ‘এল চাপো’ গুজমানের ছেলে জোয়াকিন গুজমান লোপেজ তাকে প্রতারণার মাধ্যমে বিমানে তুলে যুক্তরাষ্ট্রে নিয়ে যান। এ ঘটনার পর কার্টেলের অভ্যন্তরে নেতৃত্ব নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়, যাতে বহু মানুষ নিহত ও নিখোঁজ হন।
ইসমাইল ‘এল মায়ো’ জাম্বাদা এবং জোয়াকিন ‘এল চাপো’ গুজমান যৌথভাবে সিনালোয়া কার্টেলকে বিশ্বের অন্যতম শক্তিশালী মাদকচক্রে পরিণত করেন। ২০১৯ সালে এল চাপোও যুক্তরাষ্ট্রে যাবজ্জীবন কারাদণ্ড পান। এরপর দীর্ঘদিন আত্মগোপনে থেকে জাম্বাদা কার্টেলের কৌশলগত নেতৃত্ব বজায় রাখলেও ২০২৪ সালে শেষ পর্যন্ত তিনি গ্রেপ্তার হন।
শুনানিতে জাম্বাদার আইনজীবীরা জানান, বার্ধক্যজনিত নানা শারীরিক ও মানসিক সমস্যায় তিনি ভুগছেন। বিচারক তার চিকিৎসার সুবিধার্থে উপযুক্ত কারা হাসপাতালে রাখার সুপারিশ করলেও এতে তার সাজা বা দণ্ডের মেয়াদে কোনো পরিবর্তন হবে না।
বিশ্লেষকদের মতে, এই রায় যুক্তরাষ্ট্রের মাদকবিরোধী অভিযানে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে সিনালোয়া কার্টেল এখনো সক্রিয় থাকায় এবং নেতৃত্ব নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব অব্যাহত থাকায় মেক্সিকোতে সহিংসতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে ফেন্টানিল ও অন্যান্য প্রাণঘাতী মাদকের বৈশ্বিক সরবরাহ নেটওয়ার্ক ভেঙে দিতে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ অভিযান আরও জোরদার হওয়ার ইঙ্গিত দিচ্ছে এই রায়।
সূত্র: রয়টার্স, এপি, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।