এখন টেলিভিশনের চার সাংবাদিককে শোকজ ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এমডি মাহবুব মোর্শেদকে হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, পুরোনো স্বৈরাচারের পরিণতি থেকে শিক্ষা না নিলে নতুন স্বৈরাচারকেও একই পরিণতি ভোগ করতে হবে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দলের মিডিয়া সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক […]
ছবি: সংগৃহীত
এখন টেলিভিশনের চার সাংবাদিককে শোকজ ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এমডি মাহবুব মোর্শেদকে হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, পুরোনো স্বৈরাচারের পরিণতি থেকে শিক্ষা না নিলে নতুন স্বৈরাচারকেও একই পরিণতি ভোগ করতে হবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দলের মিডিয়া সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব ঘটনা ভবিষ্যতে মতপ্রকাশের স্বাধীনতা কীভাবে সংকুচিত হতে পারে—তারই ইঙ্গিত দিচ্ছে।
এনসিপি জানায়, গণভোট ও সংস্কারের পক্ষে ফেসবুকে মত প্রকাশ করায় এখন টিভির চার সাংবাদিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বাসসের এমডি মাহবুব মোর্শেদকে পদ থেকে সরাতে একধরনের মব পরিস্থিতি তৈরি করা হয়েছে। নতুন সরকার গঠনের এক দিনের মাথায় এ ধরনের ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার জন্য অশনিসংকেত বলে মনে করে দলটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য মালিকদের ওপর চাপ সৃষ্টি এবং দলদাস সাংবাদিকদের গুরুত্বপূর্ণ পদে বসানোর কৌশল নেওয়া হচ্ছে। এর ফলে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো ক্রমেই গণবিরোধী অবস্থানে যাচ্ছে।
এনসিপি দাবি করে, বাসসের এমডিকে অপসারণের চেষ্টা প্রমাণ করে, ফ্যাসিবাদী আমলের মতো বর্তমান সরকারেও সংস্থাটিকে দলীয় হাতিয়ারে পরিণত করার প্রবণতা অব্যাহত থাকতে পারে। সরকার গঠনের পরদিনই সাংবাদিকদের কোণঠাসা করার এই প্রয়াস ভবিষ্যতে মতপ্রকাশের স্বাধীনতার ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের ইঙ্গিত দেয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে রক্তের বিনিময়ে অর্জিত মতপ্রকাশের অধিকার কোনোভাবেই হারাতে দেওয়া হবে না। অবিলম্বে শোকজপ্রাপ্ত সাংবাদিকদের কর্মস্থলে ফিরিয়ে নেওয়া এবং বাসসের এমডিকে স্বপদে বহাল রেখে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার দাবি জানানো হয়।