রাজধানীর গুলশান থানায় দায়ের করা প্রতারণা মামলায় প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধ না করলে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ রায় ঘোষণা […]
ছবি: সংগৃহীত
রাজধানীর গুলশান থানায় দায়ের করা প্রতারণা মামলায় প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধ না করলে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন হিরন।
রায়ের বিষয়ে জানতে চাইলে বিদিশা সিদ্দিক বলেন, তিনি এ বিষয়ে অবগত নন এবং মামলাটি সম্পর্কে তার কোনো ধারণা নেই।
মামলার নথি অনুযায়ী, বাদী মোশাররফ হোসেন মিরপুর-১০ এলাকার একজন স্যানিটারি পণ্যের ব্যবসায়ী। ২০০১ সালে রাজধানীর বারিধারায় একটি ফ্ল্যাট কেনার জন্য বিদিশার সঙ্গে তার যোগাযোগ হয়। পরে প্রেসিডেন্ট পার্ক এলাকার একটি ফ্ল্যাট বিক্রির জন্য ৮০ লাখ টাকায় চুক্তি সম্পন্ন হয়।
অভিযোগে বলা হয়েছে, ওই বছরের ১০ জুলাই বিদিশা বাদীকে বনানীর রজনীগন্ধা অফিসে ডেকে তার মনোনীত ব্যক্তি আব্দুর রাজ্জাকের নামে ৭৫ লাখ টাকার পে-অর্ডার দিতে বলেন। পরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে সেই অর্থ পরিশোধ করা হয় এবং উভয় পক্ষের মধ্যে বায়নানামা সম্পাদিত হয়।
চুক্তি অনুযায়ী, রাজউকের অনুমোদনের পর বাকি অর্থ গ্রহণ করে ফ্ল্যাট রেজিস্ট্রি করে দেওয়ার কথা ছিল। ২০০২ সালের ১০ জুলাইয়ের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও দীর্ঘ সময় পার হলেও তা বাস্তবায়ন হয়নি বলে মামলায় উল্লেখ করা হয়।
বাদীপক্ষের অভিযোগ, পরে চাপ দিলে বিদিশা টাকা ফেরতের আশ্বাস দেন এবং ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি ৭২ লাখ টাকার একটি চেক দেন। কিন্তু নির্ধারিত সময়ে ব্যাংকে জমা দিলে অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি ডিজঅনার হয়।
এরপর বিভিন্ন সময়ক্ষেপণ ও প্রতিশ্রুতির পরও টাকা কিংবা ফ্ল্যাট কোনোটিই বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে টাকা ফেরত চাইলে ভয়ভীতি ও হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলেও মামলায় দাবি করা হয়।