দেশের অর্থনীতি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৬ আসনের সংসদ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ। তিনি বলেন, এক কোটি মানুষ বাবা-মা, পরিবার-পরিজন ছেড়ে মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশে গিয়ে কষ্ট করে আয় করেন। আর সেই অর্থ দেশে পাঠালেও দুর্নীতিবাজরা তা লুটপাট করে খায়। শুক্রবার রাজধানীর শাহবাগে […]
ছবি: সংগৃহীত
দেশের অর্থনীতি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৬ আসনের সংসদ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ। তিনি বলেন, এক কোটি মানুষ বাবা-মা, পরিবার-পরিজন ছেড়ে মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশে গিয়ে কষ্ট করে আয় করেন। আর সেই অর্থ দেশে পাঠালেও দুর্নীতিবাজরা তা লুটপাট করে খায়।
শুক্রবার রাজধানীর শাহবাগে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক শক্তি আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
হান্নান মাসুদ বলেন, যারা জনগণের টাকা লুট করেছে, তারাই আবার সংসদে গিয়ে বড় বড় কথা বলে। তার ভাষায়, ১১ হাজার কোটি টাকা জনগণের অর্থ মেরে দিয়েও কেউ কেউ এখন রাষ্ট্রপরিচালনায় নীতির কথা বলেন, যা লজ্জার বিষয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে একজন অর্থনীতিবিদকে চাওয়া হয়েছিল। কিন্তু সেখানে একজন গার্মেন্টস ব্যবসায়ীকে বসানো হয়েছে। তার দাবি, গার্মেন্টস আমদানি-রপ্তানির আড়ালে অর্থপাচারের সুযোগ বেশি থাকে, অথচ সেই খাতের একজন প্রতিনিধিকেই কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব দেওয়া হয়েছে।
সমাবেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, গণঅভ্যুত্থানে শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও রাষ্ট্রীয়ভাবে তাদের অবদান যথাযথ স্বীকৃতি পায়নি। পরবর্তী সময়ে শ্রমিকদের সঙ্গে কার্যকর সংলাপও হয়নি। এতে কলকারখানা বন্ধ, কর্মসংস্থান সংকট এবং জীবনমানের অবনতি ঘটেছে বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তিনি শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপত্তা ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান।
এ সমাবেশে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের এমপি আখতার হোসেন বলেন, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করা ব্যক্তিদের আবারও ব্যাংকের মালিকানা দেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। তার মতে, দেশের অর্থনীতি এখন খাদের কিনারায় রয়েছে। ব্যাংক খাতে লুটপাটকারীদের হাতে আবার মালিকানা ফিরিয়ে দেওয়ার উদ্যোগ শ্রমিকসহ সাধারণ মানুষের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।