কুমিল্লা-৪ আসনের প্রার্থী ও ন্যাশনাল সিটিজেনস পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, নির্বাচনকে ঘিরে প্রশাসনের আচরণ নিরপেক্ষ নয় এবং তারা বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। তাঁর মতে, প্রশাসনের দ্বিচারিতামূলক অবস্থানের কারণে আসন্ন নির্বাচন কতটা সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে—তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই […]
ছবি: সংগৃহীত
কুমিল্লা-৪ আসনের প্রার্থী ও ন্যাশনাল সিটিজেনস পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, নির্বাচনকে ঘিরে প্রশাসনের আচরণ নিরপেক্ষ নয় এবং তারা বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। তাঁর মতে, প্রশাসনের দ্বিচারিতামূলক অবস্থানের কারণে আসন্ন নির্বাচন কতটা সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে—তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। এদিন যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় হাসনাত আবদুল্লাহ ও তাঁর আইনজীবী ওই আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ উত্থাপন করেন। তাঁরা দাবি করেন, বিএনপি প্রার্থী ব্যাংক ঋণসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং একটি হাইকোর্টের স্থগিতাদেশ গোপন করেছেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টা ধরে বাগবিতণ্ডা হয়।
এ সময় রিটার্নিং কর্মকর্তা উভয় পক্ষকে নির্বাচনি বিধিমালা অনুযায়ী আইনগত প্রক্রিয়ায় অভিযোগ দাখিলের পরামর্শ দেন। পরে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান হাসনাত আবদুল্লাহ ও মঞ্জুরুল আহসান মুন্সী—উভয়ের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘নির্বাচনে প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে, তা নিয়ে আমাদের গভীর শঙ্কা রয়েছে। পর্যাপ্ত যুক্তি ও তথ্য থাকা সত্ত্বেও একজন প্রার্থী ব্যাংক ডিফল্টার হওয়ার বিষয়টি উপেক্ষা করা হয়েছে। তিনি বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছেন, যা পরিশোধ করেননি এবং সেই তথ্য হলফনামায় গোপন করেছেন। পাশাপাশি হাইকোর্টের স্থগিতাদেশও গোপন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনি বিধিমালায় স্পষ্টভাবে বলা আছে, কোনো প্রার্থী যদি ব্যক্তিগত বা আর্থিক তথ্য গোপন করেন, তাহলে তাঁর প্রার্থিতা বাতিলযোগ্য। পর্যাপ্ত তথ্য-প্রমাণ উপস্থাপনের পরও প্রশাসনের আচরণ কতটা নিরপেক্ষ ছিল, তা প্রশ্নের মুখে পড়েছে। আমরা নিরপেক্ষতা প্রত্যাশা করি, কিন্তু বাস্তবে মনে হচ্ছে প্রশাসন বিএনপির দিকেই ঝুঁকে গেছে।’
তবে মনোনয়ন যাচাই-বাছাই শেষে হাসনাত আবদুল্লাহ ও বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয় বলে জানা গেছে।