সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৪:১৪ অপরাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ফিফা সংস্কারের দাবিতে একজোট ইউরোপের চার শীর্ষ ফুটবল লিগ

ফিফার বর্তমান শাসনব্যবস্থায় বড় ধরনের সংস্কারের দাবি জানিয়েছে ইউরোপের চার শীর্ষ ফুটবল লিগ। ইংলিশ প্রিমিয়ার লিগ, স্পেনের লা লিগা, ইতালির সিরি ‘আ’ এবং জার্মানির বুন্দেসলিগা শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে এ দাবি জানায়। ফিফার প্রশাসনিক কাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ করে চার লিগ বলেছে, সংস্থাটির ক্ষমতার অপব্যবহার ঠেকাতে আরও কঠোর নিয়ন্ত্রণ প্রয়োজন। তাদের মতে, ফিফার […]

ফিফা সংস্কারের দাবিতে একজোট ইউরোপের চার শীর্ষ ফুটবল লিগ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ফিফার বর্তমান শাসনব্যবস্থায় বড় ধরনের সংস্কারের দাবি জানিয়েছে ইউরোপের চার শীর্ষ ফুটবল লিগ। ইংলিশ প্রিমিয়ার লিগ, স্পেনের লা লিগা, ইতালির সিরি ‘আ’ এবং জার্মানির বুন্দেসলিগা শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে এ দাবি জানায়।

ফিফার প্রশাসনিক কাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ করে চার লিগ বলেছে, সংস্থাটির ক্ষমতার অপব্যবহার ঠেকাতে আরও কঠোর নিয়ন্ত্রণ প্রয়োজন। তাদের মতে, ফিফার সাংবিধানিক কাঠামোর সীমারেখা স্পষ্ট করতে মৌলিক সংস্কার জরুরি।

এএফপিকে দেওয়া যৌথ বিবৃতিতে চার লিগ জানায়, এমন একটি ব্যবস্থা প্রয়োজন যেখানে ব্যক্তিবিশেষের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক সিদ্ধান্তগুলো রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত থাকবে। ইউরোপিয়ান লিগস ও ওয়ার্ল্ড লিগস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে তারা সম্মিলিতভাবে এ অবস্থান তুলে ধরেছে।

এই বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ বা এফএফই নামের একটি বাণিজ্যিক সত্তা গঠনের পরিকল্পনা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাবিত এই উদ্যোগে পুরুষ ও নারী বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগ যুক্ত করার পরিকল্পনা ছিল। তবে বিভিন্ন মহলের আপত্তির মুখে প্রকল্পটি স্থগিত করা হয়।

চার লিগের ভাষ্য, এফএফই নিয়ে তৈরি হওয়া পরিস্থিতির পর শুধু আনুষ্ঠানিক বা সীমিত কিছু পরিবর্তন যথেষ্ট নয়। তাদের মতে, ফিফা সভাপতিও সংস্কারের প্রয়োজনীয়তা স্বীকার করেছেন। তবে বর্তমান শাসনব্যবস্থার যে সমস্যাগুলো সামনে এসেছে, সেগুলো মোকাবিলায় আরও গভীর পরিবর্তন প্রয়োজন।

এফএফই প্রকল্পকে তারা ফিফার ইতিহাসে ক্ষমতার সবচেয়ে বড় অপব্যবহারের ঘটনাগুলোর একটি হিসেবেও উল্লেখ করেছে। তবে পুরো বিষয়টির দায় শুধু ইনফান্তিনোর ওপর চাপায়নি চার লিগ। তাদের মতে, ফিফার প্রশাসনিক কাঠামোর সমস্যার পরিধি কোনো একজন ব্যক্তির ভূমিকার চেয়ে অনেক বড়।

ফিফার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় ফুটবলের বিভিন্ন পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করতে একটি স্থায়ী সংস্থা গঠনের প্রস্তাবও দিয়েছে ইউরোপের চার লিগ। এ ব্যবস্থায় জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন, লিগ, ক্লাব ও খেলোয়াড়দের প্রতিনিধিত্ব রাখার কথা বলা হয়েছে।

তাদের প্রস্তাব অনুযায়ী, ফিফা নতুন কোনো গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়ার আগে এই সংস্থাকে সংশ্লিষ্ট পরিকল্পনা সম্পর্কে পুরোপুরি অবহিত করবে। পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংস্থাটিকে অর্থবহ ভূমিকা দেওয়ার কথাও বলা হয়েছে।

এ ছাড়া ২০২৭ সালের ১৮ মার্চ অনুষ্ঠেয় ফিফা সভাপতি নির্বাচনে প্রার্থীদের নির্বাচিত হওয়ার পর প্রথম ১০০ দিনের মধ্যে এসব সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার করার আহ্বান জানিয়েছে চার লিগ।

ফিফা সভাপতি নির্বাচনের জন্য চূড়ান্ত মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২০২৬ সালের ১৮ নভেম্বর। তবে এখন পর্যন্ত বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকেই একমাত্র প্রার্থী হিসেবে দেখা যাচ্ছে।

এর আগে গত আগস্টে উয়েফা, কনক্যাক্যাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) যৌথভাবে ইনফান্তিনোর ক্ষমতা প্রয়োগের সমালোচনা করে চিঠি দিয়েছিল। চিঠিতে তারা বলেছিল, ফুটবলের নেতৃত্ব কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয়।

অন্যদিকে, ২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব, আফ্রিকা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সিএএফ এবং দক্ষিণ আমেরিকার কনমেবল ইনফান্তিনোর প্রতি তাদের সমর্থন অব্যাহত রেখেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ