যুক্তরাষ্ট্রে ফুড স্ট্যাম্প বা সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিসট্যান্স প্রোগ্রাম (এসএনএপি) সুবিধাভোগী নিম্ন আয়ের পরিবারগুলোকে পুষ্টিকর খাবার কেনায় উৎসাহিত করতে প্রতিনিধি পরিষদে একটি নতুন বিল উত্থাপন করা হয়েছে। প্রস্তাবিত আইন অনুযায়ী, যোগ্য পরিবারগুলো প্রতি মাসে অতিরিক্ত ৬০ ডলার পাবে, যা শুধুমাত্র ফল ও সবজি কেনার জন্য ব্যবহার করা যাবে। ‘ফ্রেশ বাকস ফর ফ্রেশ প্রোডিউস অ্যাক্ট’ নামে উত্থাপিত […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে ফুড স্ট্যাম্প বা সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিসট্যান্স প্রোগ্রাম (এসএনএপি) সুবিধাভোগী নিম্ন আয়ের পরিবারগুলোকে পুষ্টিকর খাবার কেনায় উৎসাহিত করতে প্রতিনিধি পরিষদে একটি নতুন বিল উত্থাপন করা হয়েছে। প্রস্তাবিত আইন অনুযায়ী, যোগ্য পরিবারগুলো প্রতি মাসে অতিরিক্ত ৬০ ডলার পাবে, যা শুধুমাত্র ফল ও সবজি কেনার জন্য ব্যবহার করা যাবে।
‘ফ্রেশ বাকস ফর ফ্রেশ প্রোডিউস অ্যাক্ট’ নামে উত্থাপিত এই বিলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) অধীনে একটি পরীক্ষামূলক কর্মসূচি চালুর প্রস্তাব করা হয়েছে। বিলটি আইনে পরিণত হলে অংশগ্রহণকারী অঙ্গরাজ্যগুলো তাদের যোগ্য বাসিন্দাদের এই অতিরিক্ত আর্থিক সহায়তা দিতে পারবে।
বিলে বলা হয়েছে, যেসব পরিবারের আয় সংশ্লিষ্ট এলাকার মধ্যম আয়ের (Median Income) ৮০ শতাংশ বা তার কম, তারা এই কর্মসূচির জন্য যোগ্য বিবেচিত হবেন। তবে যারা ইতোমধ্যে এসএনএপি বা ফুড স্ট্যাম্প সুবিধা পাচ্ছেন, তাদের নতুন করে আয়ের প্রমাণ জমা দিতে হবে না।
প্রস্তাব অনুযায়ী, অতিরিক্ত ৬০ ডলার প্রতি মাসে ইলেকট্রনিক বেনিফিট ট্রান্সফার (ইবিটি) কার্ড অথবা সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের বিদ্যমান অর্থপ্রদান ব্যবস্থার মাধ্যমে দেওয়া হবে। অর্থ পাওয়ার ৩০ দিনের মধ্যে তা ব্যবহার করতে হবে, অন্যথায় নির্ধারিত সময় পার হলে সেই সুবিধা আর ব্যবহার করা যাবে না।
এই অর্থ দিয়ে শুধুমাত্র অনুমোদিত তাজা, হিমায়িত বা শুকনো ফল ও সবজি কেনা যাবে। অতিরিক্ত চিনি, লবণ বা চর্বিযুক্ত প্রক্রিয়াজাত পণ্য এই কর্মসূচির আওতায় থাকবে না। এছাড়া ফল ও সবজি উৎপাদনের উপযোগী কিছু ভেষজ উদ্ভিদ ও চারা গাছ কেনার সুযোগও থাকবে।
প্রস্তাবিত বিলে আরও উল্লেখ করা হয়েছে, এই অতিরিক্ত অর্থ বর্তমান ফুড স্ট্যাম্প সুবিধার বিকল্প নয়; বরং বিদ্যমান সরকারি খাদ্য সহায়তার পাশাপাশি অতিরিক্ত সুবিধা হিসেবে দেওয়া হবে। সুবিধাভোগীরা কৃষক বাজার (Farmers Market), স্বাধীন মুদি দোকান, খামারের বিক্রয়কেন্দ্র, সুপারমার্কেট এবং কৃষি বিভাগের অনুমোদিত অন্যান্য বিক্রয়কেন্দ্রে এই অর্থ ব্যবহার করতে পারবেন।
বিলটি গত ২ জুলাই ওয়াশিংটন অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট প্রতিনিধি প্রমিলা জয়াপাল এবং আরও কয়েকজন কংগ্রেস সদস্য প্রতিনিধি পরিষদে উত্থাপন করেন। তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, সিয়াটলে পরিচালিত একই ধরনের একটি কর্মসূচিতে অংশ নেওয়া পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা উন্নত হয়েছে এবং তারা আগের তুলনায় বেশি পরিমাণে ফল ও সবজি খেতে সক্ষম হয়েছেন।
বর্তমানে বিলটি প্রতিনিধি পরিষদের কৃষি বিষয়ক কমিটির পর্যালোচনার জন্য রয়েছে। কমিটির অনুমোদন পেলে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ নির্বাচিত অঙ্গরাজ্যগুলোতে পরীক্ষামূলকভাবে কর্মসূচিটি চালু করবে। পরে এর কার্যকারিতা মূল্যায়ন করে সারা দেশে সম্প্রসারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।