সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:১৮ অপরাহ্ন, ২ মার্চ ২০২৬

ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ ঠেকাতে একক লড়াইয়ে এনসিপি

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে টানা ১৬ বছরের স্বৈরশাসনের অবসান ঘটে শেখ হাসিনার। একইসঙ্গে ধাক্কা খায় ভারতের আধিপত্যবাদী প্রভাব। অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ফ্যাসিবাদ ও আধিপত্যবিরোধী ঐক্যের ইঙ্গিত মিললেও জাতীয় নির্বাচনের প্রাক্কালে ও পরবর্তী সময়ে সেই চিত্র বদলাতে শুরু করে। এমন বাস্তবতায় ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের পুনরুত্থান ঠেকাতে কার্যত […]

ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ ঠেকাতে একক লড়াইয়ে এনসিপি
নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে টানা ১৬ বছরের স্বৈরশাসনের অবসান ঘটে শেখ হাসিনার। একইসঙ্গে ধাক্কা খায় ভারতের আধিপত্যবাদী প্রভাব। অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ফ্যাসিবাদ ও আধিপত্যবিরোধী ঐক্যের ইঙ্গিত মিললেও জাতীয় নির্বাচনের প্রাক্কালে ও পরবর্তী সময়ে সেই চিত্র বদলাতে শুরু করে। এমন বাস্তবতায় ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের পুনরুত্থান ঠেকাতে কার্যত একাই রাজপথে সক্রিয় রয়েছে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলটির নেতারা বলছেন, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আগের মতোই তারা এককভাবে আন্দোলনে থাকবেন। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ ও উচ্চকক্ষ গঠনের দাবিতে আন্দোলন জোরদার করা হবে।

এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদুল ফিতরের পর পতিত আওয়ামী লীগের পুনর্বাসন রোধ, গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে রাজপথে কর্মসূচি আসতে পারে। এ লক্ষ্যে রাজনৈতিক ও সাংগঠনিক প্রস্তুতির পাশাপাশি জুলাইপন্থী দলগুলোর সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দেশের সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন। তখন মানুষের কণ্ঠে ছিল ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ স্লোগান। তিনি বলেন, মানুষ শুধু আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধেই নয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেও রাজপথে নেমেছিল। সেই প্রত্যাশা মাথায় রেখেই এনসিপি রাজনীতি করছে।

যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, নানা কৌশলে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চেষ্টা চলছে। পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদের গোপন তৎপরতারও আভাস মিলছে। এসব প্রশ্নে এনসিপি আপসহীন থাকবে বলে জানান তিনি।

নেতারা দাবি করেন, আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারসহ নানা ইস্যুতে বিএনপি ও জামায়াতকে সেভাবে সক্রিয় দেখা যায়নি। বরং এসব ইস্যুতে রাজপথে ধারাবাহিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এনসিপি। এর ফলেই দলটির নেতাকর্মীরা বিভিন্ন স্থানে হামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ তাদের।

নেতাদের মতে, এবারের নির্বাচনে ভারত ইস্যুতে বিএনপি ও জামায়াত অনেকটাই নীরব থাকলেও এনসিপি শুরু থেকেই কঠোর অবস্থান নেয়। দলটির প্রায় সব নেতার বক্তব্যেই দিল্লির প্রভাব ও হস্তক্ষেপের বিরুদ্ধে সোচ্চার অবস্থান স্পষ্ট ছিল।

গত ১৯ ফেব্রুয়ারির সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচনে ভারত, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে আঁতাত রয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

নেতারা আরও জানান, রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন, শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোসহ মৌলিক সংস্কারে এনসিপি সক্রিয় ভূমিকা রাখছে। এসব প্রশ্নে বিএনপি ও জামায়াতের ভূমিকা তুলনামূলকভাবে দুর্বল বলেও দাবি করা হয়।

রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতেও এনসিপি রাজপথে নামলেও বিএনপি বিরোধিতা করে এবং জামায়াত নীরব থাকে বলে অভিযোগ দলটির। নির্বাচনের পর রাষ্ট্রপতির অভিশংসনের দাবিও জোরালোভাবে তুলেছে এনসিপি।

নাহিদ ইসলাম বলেন, সংসদে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন না হলে আন্দোলন রাজপথে গড়াবে। প্রয়োজনে আবারও সারাদেশে কর্মসূচিতে নামবে দলটি।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ২০০৮ সালের পর থেকেই ভারতীয় আধিপত্যবাদের প্রভাব দৃশ্যমান হয় এবং আওয়ামী লীগ সেই প্রভাবকে ব্যবহার করে ফ্যাসিবাদী শাসন কায়েম করে। এসব অভিজ্ঞতা থেকেই এনসিপির নীতি ‘জিরো টলারেন্স’। গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়াই তাদের চূড়ান্ত লক্ষ্য।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ