দেশজুড়ে তীব্র গরমের মধ্যে রাজশাহীতে এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে রাজশাহী ও খুলনা বিভাগসহ দেশের অন্তত ২৪টি জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে সংস্থাটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ওই দিন রাজশাহীতেই দেশের […]
প্রতীকী ছবি
দেশজুড়ে তীব্র গরমের মধ্যে রাজশাহীতে এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে রাজশাহী ও খুলনা বিভাগসহ দেশের অন্তত ২৪টি জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে সংস্থাটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ওই দিন রাজশাহীতেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কোনো অঞ্চলে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে সেটিকে তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়। এই মানদণ্ডে রাজশাহী ও খুলনা বিভাগের সব জেলাসহ ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, দিনাজপুর, রাঙামাটি ও বান্দরবানসহ অন্তত ২৪টি জেলায় তাপপ্রবাহ চলছে।
এদিকে বিভিন্ন জেলায় তাপমাত্রার পার্থক্যও লক্ষ্য করা গেছে। যশোর ও সিরাজগঞ্জে তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস, ফরিদপুরে ৩৬ দশমিক ৬ ডিগ্রি এবং চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও পাবনায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাজধানী ঢাকাতেও তাপমাত্রা ৩৬ ডিগ্রির বেশি রয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃহস্পতিবার তাপপ্রবাহের তীব্রতা খুব বেশি না বাড়লেও পরবর্তী দিনগুলোতে তা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এতে জনজীবনে অস্বস্তি ও ভোগান্তি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।