ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির তিন প্রার্থীর প্রার্থিতা সংক্রান্ত বিষয়ে আগামী রোববার (১ ফেব্রুয়ারি) আদেশ দেবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চের রোববারের কার্যতালিকায় সংশ্লিষ্ট তিনটি লিভ টু আপিল আদেশের জন্য রাখা হয়েছে। এই তিন প্রার্থীর মধ্যে দুজন কুমিল্লা-১০ আসনের এবং একজন কুমিল্লা-৪ আসনের প্রার্থী। কুমিল্লা-১০ […]
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির তিন প্রার্থীর প্রার্থিতা সংক্রান্ত বিষয়ে আগামী রোববার (১ ফেব্রুয়ারি) আদেশ দেবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চের রোববারের কার্যতালিকায় সংশ্লিষ্ট তিনটি লিভ টু আপিল আদেশের জন্য রাখা হয়েছে।
এই তিন প্রার্থীর মধ্যে দুজন কুমিল্লা-১০ আসনের এবং একজন কুমিল্লা-৪ আসনের প্রার্থী।
কুমিল্লা-১০ আসনে বিএনপি প্রার্থী মোবাশ্বের আলম নির্বাচন কমিশনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। গত ২৫ জানুয়ারি রিটের শুনানি শেষে হাইকোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেন এবং তাকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দেওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে মোবাশ্বের আলম ধানের শীষ প্রতীক বরাদ্দও পান। তবে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে একই আসনের প্রার্থী হাসান আহমেদ আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করেন, যা রোববার আদেশের জন্য তালিকাভুক্ত রয়েছে।
এ আসনেই এর আগে বিএনপি গফুর ভূঁইয়াকে মনোনয়ন দিয়েছিল। তবে তার দ্বৈত নাগরিকত্ব রয়েছে—এমন অভিযোগ তুলে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকি নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানি শেষে গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে। পরে প্রার্থিতা ফিরে পেতে তিনি হাইকোর্টে রিট করেন, তবে গত ২২ জানুয়ারি হাইকোর্ট ওই রিট সরাসরি খারিজ করে দেন। এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গফুর ভূঁইয়া আপিল বিভাগে লিভ টু আপিল করেন, যা রোববার শুনানির জন্য রয়েছে।
অন্যদিকে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান নির্বাচন কমিশনের মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন। গত ২১ জানুয়ারি হাইকোর্ট তার রিটটি সরাসরি খারিজ করে দেন। পরে তিনি ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন।
এ অবস্থায় কুমিল্লা-১০ ও কুমিল্লা-৪ আসনে বিএনপির এই তিন প্রার্থীর নির্বাচনি ভবিষ্যৎ রোববার আপিল বিভাগের আদেশের মাধ্যমেই চূড়ান্তভাবে নির্ধারিত হবে।