শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে ৭ জানুয়ারির মধ্যে বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না হলে সরকার পতনের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনটির নেতারা। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চের […]
ছবি: সংগৃহীত
শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে ৭ জানুয়ারির মধ্যে বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না হলে সরকার পতনের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনটির নেতারা।
শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন। পরে সাধারণ শিক্ষার্থী ও জনতার অংশগ্রহণে জমায়েতটি বড় আকার ধারণ করে। এ সময় শাহবাগের এক পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, তবে আশপাশের সংযোগ সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক ছিল। সংবাদ লেখা পর্যন্ত বিকেল সাড়ে ৪টায়ও শাহবাগে কর্মসূচি চলছিল।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘তুমি কে, আমি কে, হাদি-হাদি’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘বইলা গেছে হাদি ভাই, আমার খুনের বিচার চাই’, ‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ’, ‘লীগ ধর, জেলে ভর’ এবং ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে সরকারের দেওয়া বক্তব্য বিভ্রান্তিকর এবং বিশ্বাসযোগ্য নয়। তাঁর দাবি, হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, কারণ তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভারতীয় সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছিলেন।
তিনি অভিযোগ করেন, ঘটনার ২১ দিন পেরিয়ে গেলেও সরকার এখনো প্রকৃত খুনিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে, যা সরকারের সদিচ্ছার অভাবেরই প্রমাণ। সরকার ৭ জানুয়ারির মধ্যে অভিযোগপত্র দেওয়ার কথা বললেও, যদি কেবল একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়, তাহলে তা গ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য করেন তিনি।
আব্দুল্লাহ আল জাবের বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে পূর্ণাঙ্গ অভিযোগপত্র দিতে হবে। অন্যথায় ৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনে নামবে ইনকিলাব মঞ্চ। তিনি বলেন, নির্বাচন পর্যন্ত রাজপথে থেকেই রাষ্ট্র পাহারা দেবে সংগঠনটি এবং হাদি হত্যার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো রাজনৈতিক শক্তির সঙ্গে বৈঠক হলে তা হতে হবে প্রকাশ্যে। গোপন বৈঠক কিংবা দিল্লির সঙ্গে কোনো সিক্রেট সমঝোতা মেনে নেওয়া হবে না।
এর আগে শুক্রবার দুপুরে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শাহবাগের শহীদ হাদি চত্বরে বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে রাজনৈতিক প্রচারণায় সক্রিয় ছিলেন। গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে প্রথমে ঢাকায় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।