সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১২:৫৪ অপরাহ্ন, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

বিদায় মুহূর্তে জাতির প্রতি ড. ইউনূসের দিকনির্দেশনা

জাতির উদ্দেশে দেওয়া বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, অতীতে রাষ্ট্র পরিচালনায় দুর্নীতি, অনিয়ম, অসততা ও জালিয়াতিকে প্রশ্রয় দেওয়া হয়েছিল। এই বিকৃত সংস্কৃতিই দেশকে পিছিয়ে দিয়েছে এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। নতুন বাংলাদেশের পথচলায় এই ধারা থেকে বেরিয়ে আসতেই হবে। নিয়ম মানা, প্রতিশ্রুতি রক্ষা, মান বজায় রাখা এবং রাষ্ট্রের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা […]

বিদায় মুহূর্তে জাতির প্রতি ড. ইউনূসের দিকনির্দেশনা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জাতির উদ্দেশে দেওয়া বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, অতীতে রাষ্ট্র পরিচালনায় দুর্নীতি, অনিয়ম, অসততা ও জালিয়াতিকে প্রশ্রয় দেওয়া হয়েছিল। এই বিকৃত সংস্কৃতিই দেশকে পিছিয়ে দিয়েছে এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। নতুন বাংলাদেশের পথচলায় এই ধারা থেকে বেরিয়ে আসতেই হবে। নিয়ম মানা, প্রতিশ্রুতি রক্ষা, মান বজায় রাখা এবং রাষ্ট্রের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে সবাইকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টা ১৫ মিনিটে দেওয়া ভাষণে তিনি বলেন, আসুন আমরা এমন একটি বাংলাদেশ নির্মাণ করি, যেখানে সীমাহীন সম্ভাবনা থাকবে এবং স্বপ্ন দেখার কোনো বাধা থাকবে না। গত ১৮ মাসে দেশে গণতন্ত্র, কল্যাণমূলক শাসনব্যবস্থা, মতপ্রকাশের স্বাধীনতা, ক্ষমতার সমালোচনা ও জবাবদিহির সংস্কৃতি ধীরে ধীরে বিকশিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করা সম্ভব হয়েছে। এই অগ্রযাত্রা যেন কোনোভাবেই থেমে না যায়। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের সাধারণ মানুষ ও সব রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে এই ধারাকে এগিয়ে নেবে এবং আরও সমৃদ্ধ করবে।

ড. ইউনূস বলেন, নাগরিক অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারে সবাইকে অটল থাকতে হবে। দল-মত, ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। এই প্রত্যাশা ও আশাবাদ নিয়েই তিনি দায়িত্ব থেকে বিদায় নিচ্ছেন বলে জানান।

তিনি আরও বলেন, সদ্য অনুষ্ঠিত গণভোট ও নির্বাচন ছিল উৎসবমুখর, সারাদেশজুড়ে ঈদের আমেজ বিরাজ করেছে, যা দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে যারা জয়ী হয়েছেন তাদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, যারা পরাজিত হয়েছেন তারাও অভিনন্দনের দাবিদার। জয়-পরাজয়ই গণতন্ত্রের সৌন্দর্য। তিনি উল্লেখ করেন, বিজয়ীরা মোট ভোটের প্রায় অর্ধেক পেয়েছেন এবং পরাজিতরাও প্রায় অর্ধেক ভোটারের আস্থা অর্জন করেছেন। ফলে যারা জয়ী হতে পারেননি, তারাও এই আস্থা নিয়ে সামনে এগিয়ে যেতে পারেন। আগামী দিনে নতুন সরকার দায়িত্ব নেবে, আর এর মধ্য দিয়েই অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের দায়িত্বের পরিসমাপ্তি ঘটবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ