বিমানবন্দরে যাত্রীদের লাগেজ কেটে মূল্যবান জিনিসপত্র চুরি ও লুটপাট বন্ধে লাগেজ পরিবহনের পুরো প্রক্রিয়া সিসিটিভির আওতায় এনে তা টার্মিনালে সরাসরি সম্প্রচারের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (৫ অক্টোবর) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান মামুন এ নোটিশ পাঠান। নোটিশটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, দুর্নীতি দমন […]
ছবি: সংগৃহীত
বিমানবন্দরে যাত্রীদের লাগেজ কেটে মূল্যবান জিনিসপত্র চুরি ও লুটপাট বন্ধে লাগেজ পরিবহনের পুরো প্রক্রিয়া সিসিটিভির আওতায় এনে তা টার্মিনালে সরাসরি সম্প্রচারের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান মামুন এ নোটিশ পাঠান। নোটিশটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
এ ছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের অন্যান্য বিমানবন্দরের পরিচালক ও ব্যবস্থাপকদের কাছেও নোটিশ পাঠানো হয়েছে।
আইনি নোটিশে বলা হয়, দীর্ঘদিন ধরে দেশে আসা ও বিদেশগামী সাধারণ যাত্রী, পর্যটক, কূটনীতিক ও ব্যবসায়ী এবং বিশেষ করে প্রবাসী শ্রমিকেরা লাগেজ চুরির শিকার হচ্ছেন। একটি অসাধু চক্র নিয়মিতভাবে যাত্রীদের তালাবদ্ধ লাগেজ কেটে মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার, নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র চুরি করছে বলে নোটিশে উল্লেখ করা হয়।
এ ধরনের ঘটনায় যাত্রীরা আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক হয়রানির শিকার হচ্ছেন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও নোটিশে দাবি করা হয়।
লাগেজ চুরির সঙ্গে জড়িত চক্রকে স্থায়ীভাবে প্রতিহত করতে পুরো লাগেজ পরিবহন প্রক্রিয়ায় দৃশ্যমান স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এতে দাবি করা হয়েছে, উড়োজাহাজের কার্গো অংশ থেকে লাগেজ খালাস, ট্রলিতে তোলা, র্যাম্প এলাকা অতিক্রম করে ব্যাগেজ বেল্টে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়া উচ্চমানের ক্লোজড-সার্কিট ক্যামেরার আওতায় আনতে হবে।
একই সঙ্গে এসব ক্যামেরার দৃশ্য অ্যারাইভাল লাউঞ্জের বড় পর্দায় যাত্রীদের সামনে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, নিরাপত্তা বা তল্লাশির প্রয়োজনে কাস্টমস কিংবা কোনো নিরাপত্তা সংস্থা কোনো যাত্রীর লাগেজ খুলে পরীক্ষা করলে সেই প্রক্রিয়াটিও যাত্রীর সামনে ক্যামেরায় সরাসরি প্রদর্শনের ব্যবস্থা করতে হবে।