ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই আসর শুধু অংশগ্রহণকারী দলের সংখ্যার কারণেই নয়, প্রযুক্তিগত উদ্ভাবনের কারণেও বিশেষ গুরুত্ব পাচ্ছে। বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল হিসেবে ব্যবহার করা হবে অ্যাডিডাসের নতুন স্মার্ট বল ‘ট্রাইওন্ডা’। এতে যুক্ত করা হয়েছে ব্যাটারিচালিত উন্নত সেন্সর প্রযুক্তি, […]
ছবি: সংগৃহীত
ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই আসর শুধু অংশগ্রহণকারী দলের সংখ্যার কারণেই নয়, প্রযুক্তিগত উদ্ভাবনের কারণেও বিশেষ গুরুত্ব পাচ্ছে।
বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল হিসেবে ব্যবহার করা হবে অ্যাডিডাসের নতুন স্মার্ট বল ‘ট্রাইওন্ডা’। এতে যুক্ত করা হয়েছে ব্যাটারিচালিত উন্নত সেন্সর প্রযুক্তি, যা ম্যাচ পরিচালনায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবস্থাকে আরও কার্যকর ও নির্ভুল করতে সহায়তা করবে।
অ্যাডিডাস জানিয়েছে, বলটির ভেতরে ৫০০ হার্টজ গতির একটি মোশন সেন্সর রয়েছে। এই সেন্সর বলের প্রতিটি স্পর্শ, গতি ও অবস্থান সম্পর্কে তাৎক্ষণিক তথ্য সংগ্রহ করে ভিএআর সিস্টেমে পাঠাবে। ফলে অফসাইড, হ্যান্ডবল কিংবা অন্যান্য বিতর্কিত মুহূর্তের সিদ্ধান্ত দ্রুত এবং আরও নির্ভুলভাবে নেওয়া সম্ভব হবে।
সেন্সর সচল রাখতে ম্যাচ শুরুর আগে বিশেষ চার্জিং স্টেশনের মাধ্যমে বলগুলো চার্জ করা হবে। একবার পূর্ণ চার্জ দিলে বলটি প্রায় ছয় ঘণ্টা পর্যন্ত সক্রিয়ভাবে ব্যবহার করা যাবে। ম্যাচ বা অনুশীলনের বাইরে থাকলে সেন্সর স্বয়ংক্রিয়ভাবে হাইবারনেশন মোডে চলে যাবে, যার ফলে ব্যাটারির চার্জ আরও কয়েক দিন পর্যন্ত সংরক্ষিত থাকবে।
প্রযুক্তিগত বৈশিষ্ট্যের পাশাপাশি বলটির নকশাতেও আয়োজক তিন দেশের পরিচয় তুলে ধরা হয়েছে। লাল, সবুজ ও নীল রঙের সমন্বয়ে তৈরি এই বলে কানাডার ম্যাপল লিফ, মেক্সিকোর ঈগল এবং যুক্তরাষ্ট্রের তারকা চিহ্নের প্রতীকী ব্যবহার রয়েছে। ‘তিন তরঙ্গ’ বা ‘থ্রি ওয়েভস’ ধারণা থেকে বলটির নাম রাখা হয়েছে ‘ট্রাইওন্ডা’।
বিশ্বকাপের এই নতুন বল ইতোমধ্যে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। অ্যাডিডাস ট্রাইওন্ডা বাজারে চারটি ভিন্ন সংস্করণে পাওয়া যাবে—প্রো, কম্পিটিশন, লীগ এবং ক্লাব।
এর মধ্যে ‘প্রো’ সংস্করণটি হবে বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল। এতে থাকবে উন্নত সেন্সর প্রযুক্তি এবং ফিফা কোয়ালিটি প্রো সার্টিফিকেশন। অন্য সংস্করণগুলো সাধারণ খেলোয়াড় ও ফুটবলপ্রেমীদের ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে।
মূল্যের দিক থেকে সংস্করণভেদে বলটির দাম ২৫ থেকে ১৭০ মার্কিন ডলারের মধ্যে নির্ধারণ করা হয়েছে। সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ প্রো সংস্করণের মূল্য প্রায় ১৫০ থেকে ১৭০ ডলার। অন্যদিকে লীগ ও ক্লাব সংস্করণ সাধারণ ব্যবহারকারীরা ২৫ থেকে ৬০ ডলারের মধ্যেই কিনতে পারবেন।
২০২৬ বিশ্বকাপে এই স্মার্ট বলের ব্যবহার ফুটবলে প্রযুক্তিনির্ভর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নতুন একটি অধ্যায়ের সূচনা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।