ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো মুখোমুখি হলো ভারত ও ব্রাজিল। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অবশ্য পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা। কার্লো আনচেলত্তির দল ভারতকে ৪-০ গোলে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে। ম্যাচের শুরুতে অবশ্য ব্রাজিলকে বেশ ভালোভাবেই সামলেছিল ভারত। প্রতিপক্ষের শক্তিশালী আক্রমণভাগের বিপরীতে লড়াই করে প্রথম ২৭ মিনিট পর্যন্ত নিজেদের গোলমুখ অক্ষত […]
ছবি: সংগৃহীত
ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো মুখোমুখি হলো ভারত ও ব্রাজিল। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অবশ্য পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা। কার্লো আনচেলত্তির দল ভারতকে ৪-০ গোলে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে।
ম্যাচের শুরুতে অবশ্য ব্রাজিলকে বেশ ভালোভাবেই সামলেছিল ভারত। প্রতিপক্ষের শক্তিশালী আক্রমণভাগের বিপরীতে লড়াই করে প্রথম ২৭ মিনিট পর্যন্ত নিজেদের গোলমুখ অক্ষত রাখে স্বাগতিকদের রক্ষণভাগ।
তবে ২৮ মিনিটে আর গোল ঠেকাতে পারেনি ভারত। চেলসির তরুণ ফরোয়ার্ড এস্তেভাওয়ের দুর্দান্ত গতির শটে এগিয়ে যায় ব্রাজিল। ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু বলের লাইনে ঝাঁপিয়ে হাত লাগালেও শটের গতি রুখতে পারেননি।
প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান আরও বাড়ায় ব্রাজিল। ৪২ মিনিটে এস্তেভাওয়ের বাড়িয়ে দেওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে ভারতীয় রক্ষণভাগে আক্রমণ চালান পেদ্রো। কঠিন কোণ থেকে নেওয়া তার শট গুরপ্রীতকে পরাস্ত করে জালে জড়ায়। ফলে ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই একসঙ্গে পাঁচটি পরিবর্তন আনেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। মাঠে নামেন স্যামুয়েল লিনো, ব্রুনো গিমারায়েস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ভান্দেরসন ও দগলাস লুইজ।
পরিবর্তিত খেলোয়াড়দের নিয়ে মাঠে নামার পরও আক্রমণের ধার ধরে রাখে ব্রাজিল। ৫৮ মিনিটে ভারতীয় রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান ৩-০ করেন বদলি ফরোয়ার্ড স্যামুয়েল লিনো। বক্সের বাঁ দিক দিয়ে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠান তিনি।
ম্যাচের একেবারে শেষ মুহূর্তে আবারও গোল করেন লিনো। ইনজুরি সময়ের ৯০+৪ মিনিটে বক্সের সামান্য ভেতর থেকে নিচু ও জোরালো শটে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠিয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। একই সঙ্গে ব্রাজিলের জয়ও হয় আরও বড়।
৪-০ গোলের এই জয়ের মধ্য দিয়ে এবারের ফিফা উইন্ডো শেষ করল ব্রাজিল। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষেও একটি প্রীতি ম্যাচ খেলেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা, যেখানে অপরাজিত ছিল দলটি।