জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, ভারতীয় বিজেপি সরকার সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটানোর উদ্দেশ্যে বিপুলসংখ্যক ভারতীয় মুসলমানকে সীমান্ত এলাকায় জড়ো করেছে। একই সঙ্গে তিনি সীমান্ত নিরাপত্তা জোরদার, বিজিবিকে শক্তিশালী করা এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেন। শনিবার (৬ জুন) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক […]
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, ভারতীয় বিজেপি সরকার সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটানোর উদ্দেশ্যে বিপুলসংখ্যক ভারতীয় মুসলমানকে সীমান্ত এলাকায় জড়ো করেছে। একই সঙ্গে তিনি সীমান্ত নিরাপত্তা জোরদার, বিজিবিকে শক্তিশালী করা এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেন।
শনিবার (৬ জুন) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপির রূপগঞ্জ উপজেলা শাখার আয়োজিত ফল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে বেলা ৩টার দিকে সভামঞ্চে মোটরসাইকেল নিয়ে আসা অজ্ঞাতনামা এক থেকে দেড়শ দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে সভামঞ্চ ও প্যান্ডেল ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় উপজেলা যুবশক্তির যুগ্ম সদস্যসচিব আল ফারাবিসহ অন্তত ১০ জন আহত হন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমাদের বিজিবিকে শক্তিশালী করা হচ্ছে না। বলেছিলাম, নিজের জীবন দিয়ে হলেও আওয়ামী লীগের বিচার করব; কিন্তু নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী আইভীকে তারা মুক্তি দিয়েছে। আগামী নির্বাচনে তাদের লাল কার্ড দেখানো হবে।’
সভার ওপর হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘রক্তের ওপর দিয়ে হলেও আমরা বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করে ছাড়ব। রক্তের ওপর দিয়ে হলেও বাংলাদেশে আওয়ামী লীগের বিচার করে ছাড়ব। আমরা বাংলাদেশের সংস্কার প্রশ্নে কোনো আপস করব না।’
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনি সীমান্ত হত্যা নিয়ে অযাচিত সংজ্ঞা দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আমাদের সীমান্ত নিরাপদ করুন, পুলিশ ভাইকে শক্তিশালী করুন। তাদের বেতন বৃদ্ধি করুন, বিজিবিকে শক্তিশালী করুন। যদি তা করতে না পারেন, তাহলে একাত্তরে কেন এত শহীদ রক্ত দিয়েছিলেন। সীমান্ত দিয়ে কেন মানুষ ঢোকে, সেই প্রশ্ন আমরা এই সরকারকে করতে চাই।’
নিজের নিরাপত্তা নিয়ে পাওয়া সতর্কবার্তার কথাও উল্লেখ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, ‘আমাদের সভাস্থলে বারবার হামলা করা হয়েছে। আমাকে বলা হয়েছিল, এখানে আসলে আমার জীবনের ওপর ঝুঁকি হতে পারে। কিন্তু আমি বলেছি, আমার সহযোদ্ধা আহত হবে আর আমি ঘরে চুড়ি পরে বসে থাকব—এটা বাংলাদেশে হবে না। আমরা ঘোষণা দিতে চাই, যেখানেই আমাদের সহযোদ্ধা আহত হবে, যতই ভয় দেখাক না কেন, আমরা শেখ হাসিনার মতো গুন্ডাপান্ডাকে সান্ডা করে করে আসছি। নতুন কোনো গুন্ডাপান্ডাকে আমরা বাংলাদেশে ভয় পাই না।’
এ সময় তিনি আরও বলেন, ‘আমাদের বলা হয়েছে, “আপনারা কারও বিরুদ্ধে কথা বলবেন না, নাম নেবেন না”, আমি নাম নিলে তার ক্যারিয়ার শেষ হয়ে যায়। আমি আপনাদের বলব, আমরা শয়তানের বিরুদ্ধে আছি, আমরা শয়তানকে বাংলাদেশে রাখতে চাই না। যদি আমার ভাইয়ের ওপর হওয়া এই হামলার বিচার না হয়, তাহলে আগামীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করে এর জবাব চাইব। আমরা আর নতুন কোনো গুন্ডাপান্ডাকে বাংলাদেশে ভয় পাই না।’
অনুষ্ঠানে উপজেলা এনসিপির নেতা ইউছুফ হোসেন, আকাশ আহমেদ, রিদিম আহমেদ, নারায়ণগঞ্জের দপ্তর সেলের সাখাওয়াত হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সভাস্থলে হামলা ও ভাঙচুরের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আয়োজকদের দাবি, হামলাকারীরা পরিকল্পিতভাবে সমাবেশ পণ্ড করার উদ্দেশ্যে এ হামলা চালায়। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সূত্র: ইত্তেফাক