সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৪:৩০ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল

চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের ঘটনায় তাকে দায়ী করে ক্রীড়া মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন প্রকাশের পর নিজের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় আসিফ নজরুল বলেন, দেশের মর্যাদা ও সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্তটি […]

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের ঘটনায় তাকে দায়ী করে ক্রীড়া মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন প্রকাশের পর নিজের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় আসিফ নজরুল বলেন, দেশের মর্যাদা ও সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্তটি তৎকালীন ক্রীড়া উপদেষ্টা হিসেবে মূলত তারই ছিল। একই সঙ্গে বিষয়টি তিনি আগেই প্রকাশ্যে স্বীকার করেছেন উল্লেখ করে নতুন করে তদন্ত ও তা আনুষ্ঠানিকভাবে প্রকাশের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন।

এর আগে জাতীয় ক্রীড়া পরিষদে এক সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার কারণ খতিয়ে দেখতে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির ২২ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করা হয়। কমিটির প্রধান ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ কে এম ওয়ালী উল্লাহ। সদস্য ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর।

তদন্ত প্রতিবেদনে যা বলা হয়েছে

তদন্ত প্রতিবেদনের ১৯ নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, বিশ্বকাপের মতো বড় কোনো ক্রীড়া আসর বর্জনের মতো সংবেদনশীল সিদ্ধান্ত কোনো একক ব্যক্তির নেওয়া সমীচীন নয়। প্রতিবেদনে সরাসরি কারও নাম উল্লেখ করা না হলেও সংবাদ সম্মেলনে ব্যারিস্টার ফয়সাল দস্তগীর জানান, সেখানে ‘একজন ব্যক্তি’ বলতে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে বোঝানো হয়েছে।

মূল দায় কার—এমন প্রশ্নের জবাবে তদন্ত কমিটির প্রধান ড. এ কে এম ওয়ালী উল্লাহ বলেন, ‘এটা সরকারের সিদ্ধান্ত ছিল।’

আসিফ নজরুলের বক্তব্য

তদন্ত প্রতিবেদন প্রকাশের কয়েক ঘণ্টা পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বক্তব্য দেন আসিফ নজরুল। তিনি বলেন, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলতে যাওয়ার সিদ্ধান্তটি তখনকার ক্রীড়া উপদেষ্টা হিসেবে মূলত তারই ছিল এবং তিনি এ কথা একাধিকবার প্রকাশ্যে জানিয়েছেন।

ভারতে দল না পাঠানোর প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, উগ্র হিন্দুত্ববাদীদের চাপের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর সংকটের সূত্রপাত হয়। এরপর নিরাপত্তাহীনতার আশঙ্কা এবং দেশের প্রতি অবমাননার প্রতিবাদে ভারতে দল না পাঠানোর অবস্থান নেওয়া হয় বলে দাবি করেন তিনি।

নিজের বক্তব্যের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রাথমিক মূল্যায়নের কথাও উল্লেখ করেন আসিফ নজরুল। তার দাবি, ওই মূল্যায়নে ভারতে তিনটি বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির কথা বলা হয়েছিল। এগুলোর মধ্যে ছিল দলে মোস্তাফিজুর রহমানের উপস্থিতি, বাংলাদেশি সমর্থকদের অবাধ চলাচল এবং বাংলাদেশে আসন্ন নির্বাচনের রাজনৈতিক পরিস্থিতি।

তিনি আরও বলেন, টুর্নামেন্টটি অন্য কোনো নিরপেক্ষ দেশে আয়োজনের জন্য শেষ পর্যন্ত কূটনৈতিকভাবে চেষ্টা করা হলেও আইসিসিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রভাবের কারণে তা সম্ভব হয়নি। একই সঙ্গে বিষয়টি সমাধানে ভারতের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো যোগাযোগ করা হয়নি বলে দাবি করেন তিনি।

দেশের স্বার্থের কথা উল্লেখ

দল না পাঠানোর সিদ্ধান্তটি দেশের স্বার্থে নেওয়া হয়েছিল উল্লেখ করে আসিফ নজরুল বলেন, জাতীয় মর্যাদা অক্ষুণ্ণ রাখা, খেলোয়াড়, সাংবাদিক ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনের আগে দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখাই ছিল তার প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, ভারতের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্কেই তিনি বিশ্বাসী এবং দেশের মর্যাদার প্রশ্নে কোনো পক্ষের কাছেই মাথা নত করে সবকিছু মেনে নেওয়ার নীতিতে তিনি বিশ্বাস করেন না।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ