২০২৬ ফিফা বিশ্বকাপে ভ্রমণ ও লজিস্টিক সংক্রান্ত বিধিনিষেধের বিষয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে যাচ্ছে ইরান ফুটবল ফেডারেশন। তাদের দাবি, টুর্নামেন্ট চলাকালে আরোপিত কিছু বিধিনিষেধ দলের প্রস্তুতি কার্যক্রমকে প্রভাবিত করছে। ইরান ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, টুর্নামেন্ট শুরুর আগেই দল তাদের পূর্ণ প্রস্তুতি পরিকল্পনা জমা দিয়েছিল। তবে এরপরও ভ্রমণ ও অবস্থানসংক্রান্ত বিভিন্ন […]
ছবি: সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপে ভ্রমণ ও লজিস্টিক সংক্রান্ত বিধিনিষেধের বিষয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে যাচ্ছে ইরান ফুটবল ফেডারেশন। তাদের দাবি, টুর্নামেন্ট চলাকালে আরোপিত কিছু বিধিনিষেধ দলের প্রস্তুতি কার্যক্রমকে প্রভাবিত করছে।
ইরান ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, টুর্নামেন্ট শুরুর আগেই দল তাদের পূর্ণ প্রস্তুতি পরিকল্পনা জমা দিয়েছিল। তবে এরপরও ভ্রমণ ও অবস্থানসংক্রান্ত বিভিন্ন সীমাবদ্ধতার মুখোমুখি হতে হচ্ছে।
তিনি বলেন, “প্রস্তুতির সময়সূচি আগেই জমা দেওয়া হলেও দলকে এমন কিছু বিধিনিষেধের মধ্যে থাকতে হচ্ছে, যা কোচিং স্টাফের পরিকল্পনা বাস্তবায়নে প্রতিবন্ধকতা তৈরি করছে।”
ইরান বর্তমানে মেক্সিকোর তিজুয়ানায় বেস ক্যাম্প স্থাপন করেছে। ফেডারেশনের দাবি, বেলজিয়ামের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের আগে তারা লস অ্যাঞ্জেলেসে দুই দিন আগে পৌঁছানোর অনুমতি চেয়েছিল, যাতে খেলোয়াড়রা স্থানীয় পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে এবং শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতে পারে। তবে সেই অনুরোধ অনুমোদিত হয়নি।
ম্যাচ-পরবর্তী অবস্থান নীতিমালা নিয়েও আপত্তি জানিয়েছে ইরান। ফেডারেশনের ভাষ্য অনুযায়ী, প্রথম ম্যাচ শেষে দলকে দ্রুত যুক্তরাষ্ট্র ত্যাগ করে মেক্সিকোয় ফিরে যেতে হয়েছে, ফলে খেলোয়াড়দের পুনরুদ্ধার ও বিশ্রামের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি।
এ বিষয়ে হোয়াইট হাউসের ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেন, ইরান দলকে আগেই জানানো হয়েছিল যে তারা ‘ম্যাচ ডে মাইনাস ওয়ান’ নীতির আওতায় থাকবে। এই নীতি অনুযায়ী দল ম্যাচের এক দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে এবং ম্যাচ শেষ হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে দেশ ত্যাগ করতে হবে।
ইরানের প্রধান কোচ আমির ঘালেনোইও এ পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তার মতে, এই বিধিনিষেধ খেলোয়াড়দের প্রস্তুতি ও পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে। ফেডারেশন আশা করছে, ফিফা বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
ফিফার পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।