আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তার মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও নাসীরউদ্দিন পাটওয়ারী। এর আগে একই ইস্যুতে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা […]
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তার মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও নাসীরউদ্দিন পাটওয়ারী। এর আগে একই ইস্যুতে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বাংলা ভাষা ও সংস্কৃতিকে ধারণ করতে হলে নিজেদের ভাষা ও ঐতিহ্যকে ভালোবাসতে হবে। তিনি দাবি করেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানটি বাংলার ভাষা ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটি মাতৃভাষার চেতনার প্রতিনিধিত্ব করে না।
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি প্রশ্ন তোলেন—‘ইনকিলাব জিন্দাবাদ শুনলে যদি অস্বস্তি হয়, তবে বাংলাদেশ জিন্দাবাদ শুনলে কেন তা হয় না?’
অন্যদিকে নাসীরউদ্দিন পাটওয়ারী তার স্ট্যাটাসে লেখেন, ‘ইনকিলাব জিন্দাবাদ! চাঁদাবাজ মুর্দাবাদ!’—যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভাষা দিবসের মতো সংবেদনশীল দিনে দেওয়া এমন বক্তব্য ও পাল্টা প্রতিক্রিয়া নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে সমর্থন ও সমালোচনার পাশাপাশি তীব্র বিতর্কও চলছে।