অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগ নতুন করে ফিরে আসেনি, বরং অনেক আগেই তাদের প্রত্যাবর্তনের পথ তৈরি হয়ে গেছে। তার মতে, রাজনৈতিক ভুল সিদ্ধান্ত, মবতন্ত্রের উত্থান, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে আক্রমণ এবং জুলাই অভ্যুত্থানের চেতনাকে বিসর্জন দেওয়ার মধ্য দিয়েই সেই পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গলবার (১৯ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি […]
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগ নতুন করে ফিরে আসেনি, বরং অনেক আগেই তাদের প্রত্যাবর্তনের পথ তৈরি হয়ে গেছে। তার মতে, রাজনৈতিক ভুল সিদ্ধান্ত, মবতন্ত্রের উত্থান, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে আক্রমণ এবং জুলাই অভ্যুত্থানের চেতনাকে বিসর্জন দেওয়ার মধ্য দিয়েই সেই পরিস্থিতি তৈরি হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
মাহফুজ আলম লিখেছেন, আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি একটি “ধর্মতত্ত্বে” পরিণত হয়েছে এবং সেই জায়গায় তাদের “ঈমান” আবারও ফিরেছে। কীভাবে এই বাস্তবতা তৈরি হলো, তার ব্যাখ্যায় তিনি সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ঘটনাকে দায়ী করেন।
তার ভাষায়, ‘২৪-এর গণঅভ্যুত্থানকে যখন ‘৭১-এর বিপরীতে দাঁড় করানো হয়, তখনই লীগের প্রত্যাবর্তনের ভিত্তি তৈরি হয়। একইভাবে আইনের শাসনের বদলে যখন মব সংস্কৃতি প্রতিষ্ঠা পেতে শুরু করে এবং তা নিয়ে কেউ কেউ উচ্ছ্বাস দেখায়, তখনও আওয়ামী লীগের ফিরে আসার পথ প্রশস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
ধর্মীয় ও সামাজিক সহনশীলতার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন সাবেক এই উপদেষ্টা। তিনি বলেন, মাজারে হামলা, মসজিদ থেকে ভিন্নমতাবলম্বীদের বের করে দেওয়া কিংবা সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় নীরবতা পরিস্থিতিকে আরও জটিল করেছে।
মাহফুজ আলমের দাবি, সরকারপন্থী ডানপন্থার উত্থান এবং “মবস্টারদের” নায়ক বানানোর প্রবণতা ধর্মনিরপেক্ষ চিন্তার মানুষদের মধ্যে ভয় তৈরি করেছে। আর সেদিন থেকেই আওয়ামী লীগের পুনরুত্থান শুরু হয়েছে বলে তিনি মনে করেন।
অন্তর্বর্তী সরকারের ভেতরের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ারও কঠোর সমালোচনা করেন তিনি। তার অভিযোগ, সরকার রাজনৈতিক চরিত্র হারিয়ে আমলাতান্ত্রিক হয়ে পড়েছিল এবং একটি “কিচেন ক্যাবিনেট” থেকে নীতিনির্ধারণ শুরু হয়। তিনি দাবি করেন, সেই বলয়ের অনেকেই বিএনপি, জামায়াত কিংবা আওয়ামী লীগের গোপন সমর্থক ছিলেন।
জুলাই ঘোষণাপত্র, সংস্কার প্রক্রিয়া এবং বিচারিক উদ্যোগ নিয়েও হতাশা প্রকাশ করেন মাহফুজ আলম। তার মতে, এসব প্রক্রিয়া পরে আমলাতন্ত্র ও বিভিন্ন স্বার্থগোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যায়।
শিক্ষার্থী রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ছাত্ররা বিপ্লবী রাজনৈতিক শক্তিতে রূপ নেওয়ার বদলে “মব” সংস্কৃতির দিকে ঝুঁকে পড়ে। তার ভাষায়, ক্যাম্পাসে গণতন্ত্রের বদলে সংঘতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।
মিডিয়া ও সংস্কৃতি নিয়েও সমালোচনা করেন সাবেক এই উপদেষ্টা। তিনি অভিযোগ করেন, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও মিডিয়ায় পরিকল্পিত হামলা হয়েছে এবং নতুন মিডিয়া অনুমোদনের ক্ষেত্রেও অদৃশ্য বাধা তৈরি করা হয়েছে।
পোস্টের শেষদিকে কিছুটা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে মাহফুজ আলম লেখেন, “মূল কথা তো বলাই হয়নি—লীগ ফিরবে, কারণ সব দোষই মাহফুজ আলমের।”