মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি বা অবমাননাকর মন্তব্যের ঘটনায় সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য আবু সায়েদ মোহাম্মদ হানজালা। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের চতুর্দশ দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি তোলেন। বাংলাদেশ খেলাফত মজলিসের এই সংসদ সদস্য […]
ছবি: সংগৃহীত
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি বা অবমাননাকর মন্তব্যের ঘটনায় সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য আবু সায়েদ মোহাম্মদ হানজালা।
বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের চতুর্দশ দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি তোলেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের এই সংসদ সদস্য বক্তব্যে নিজের পারিবারিক ও রাজনৈতিক পটভূমির কথাও তুলে ধরেন। তিনি বলেন, তিনি ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা হাজী শরীয়াতুল্লাহর বংশধর। তার ভাষায়, হাজী শরীয়াতুল্লাহ যেমন অন্যায় ও জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠার লড়াই করেছিলেন, তিনিও সংসদে শোষিত মানুষের কণ্ঠস্বর হিসেবে দাঁড়াতে চান।
হানজালা বলেন, দেশের ৩০ থেকে ৪০ লাখ ওলামায়ে কেরাম সংসদের দিকে তাকিয়ে আছেন। তারা চান, তাদের অনুভূতি ও অবস্থান যেন জাতীয় সংসদে প্রতিফলিত হয়।
ধর্মীয় অনুভূতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। সাধারণ মানুষ সব সময় নিয়মিত ধর্মচর্চা না করলেও মহানবী (সা.)-এর শানে সামান্যতম কটূক্তি হলে তাদের হৃদয়ে গভীর আঘাত লাগে। তার দাবি, এ ধরনের ঘটনায় বারবার ক্ষোভ, প্রতিবাদ ও সংঘর্ষের ঘটনা ঘটছে, এমনকি প্রাণহানিও হয়েছে। তাই এই সমস্যার স্থায়ী সমাধানে কটূক্তিকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান সম্বলিত আইন করার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে তিনি যারা মহানবী (সা.)-কে শেষ নবী হিসেবে স্বীকার করেন না, তাদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্যও আইন প্রণয়নের দাবি করেন। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, এ বিষয়ে সংসদ থেকেই ঐতিহাসিক সিদ্ধান্ত আসা উচিত এবং আইনের মাধ্যমেই বিষয়টি নিশ্চিত করতে হবে।
বক্তব্যের শেষাংশে নিজের নির্বাচনী এলাকার মানুষের প্রত্যাশার কথাও তুলে ধরেন আবু সায়েদ মোহাম্মদ হানজালা। তিনি বলেন, তিনি সব সময় ন্যায় ও ইনসাফের পক্ষে কথা বলার অঙ্গীকার করেছেন। সংসদে আসার সময় স্থানীয়রা তার কাছে ‘হাদি হত্যা’র সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবিও জানিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
সবশেষে তিনি মহানবী (সা.)-এর সম্মান রক্ষা এবং ইসলামের মৌলিক আকিদা সংরক্ষণে সংসদের কার্যকর ভূমিকা কামনা করেন।