কিশোরদের নিরাপত্তা নিয়ে দায়ের করা মামলার বিচার এড়াতে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে টিকটক। সমঝোতা অনুযায়ী, অঙ্গরাজ্যটিকে অন্তত ১০ কোটি ডলার দেবে প্রতিষ্ঠানটি। নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে অর্থের পরিমাণ ৩০ কোটি ডলার পর্যন্ত বাড়তে পারে। শুক্রবার টিকটক ও আলাবামা কর্তৃপক্ষের মধ্যে এ সমঝোতা হয়। এর ফলে সোমবার শুরু হওয়ার কথা থাকা মামলার বিচার […]
ছবি: সংগৃহীত
কিশোরদের নিরাপত্তা নিয়ে দায়ের করা মামলার বিচার এড়াতে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে টিকটক। সমঝোতা অনুযায়ী, অঙ্গরাজ্যটিকে অন্তত ১০ কোটি ডলার দেবে প্রতিষ্ঠানটি। নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে অর্থের পরিমাণ ৩০ কোটি ডলার পর্যন্ত বাড়তে পারে।
শুক্রবার টিকটক ও আলাবামা কর্তৃপক্ষের মধ্যে এ সমঝোতা হয়। এর ফলে সোমবার শুরু হওয়ার কথা থাকা মামলার বিচার আর হচ্ছে না। ওই দিন জুরি বা বিচারকমণ্ডলী বাছাইয়ের প্রক্রিয়া শুরুর কথা ছিল।
সমঝোতার অংশ হিসেবে আলাবামায় কিশোর ব্যবহারকারীদের জন্য টিকটকের ব্যবহারে বেশ কিছু নতুন বিধিনিষেধ চালু করা হবে। এর মধ্যে প্রতিদিন সর্বোচ্চ দুই ঘণ্টা ব্যবহারের সীমা, রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ব্যবহারে বাধা এবং অভিভাবকদের জন্য বাড়তি নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। কিশোরদের জন্য বয়স যাচাই, নিরাপদ কনটেন্ট ব্যবহারের বিভিন্ন সুবিধা এবং ব্যক্তিগতকরণহীন কনটেন্ট ফিডের ব্যবস্থাও চালু করার কথা রয়েছে।
আলাবামার অ্যাটর্নি জেনারেল স্টিভ মার্শালের দপ্তর জানিয়েছে, সমঝোতার আওতায় টিকটককে অঙ্গরাজ্যকে ন্যূনতম ১০ কোটি ডলার দিতে হবে। অর্থ পরিশোধের সময়সীমা ৪৫ দিন। নির্দিষ্ট শর্ত পূরণ হলে মোট অর্থ ৩০ কোটি ডলার পর্যন্ত হতে পারে।
আলাবামা ২০২৫ সালের এপ্রিলে টিকটক ও এর চীনা মূল কোম্পানি বাইটড্যান্সের বিরুদ্ধে মামলা করে। অঙ্গরাজ্যটির অভিযোগ ছিল, তরুণ ব্যবহারকারীদের দীর্ঘ সময় প্ল্যাটফর্মে ধরে রাখার জন্য টিকটক এমনভাবে তৈরি করা হয়েছে, যা আসক্তি তৈরি করতে পারে। পরে মামলাটি আলাবামার ‘ডিসেপটিভ ট্রেড প্র্যাকটিসেস অ্যাক্ট’-এর আওতায় সীমিত করা হয়।
মামলায় টিকটকের ‘রেস্ট্রিক্টেড মোড’ ও ‘কিডস মোড’-এর মতো নিরাপত্তা সুবিধাগুলোর কার্যকারিতা নিয়ে কোম্পানির বক্তব্যেরও প্রশ্ন তোলা হয়। আলাবামার তদন্তকারীরা ১৩, ১৪ ও ১৫ বছর বয়সি কিশোর-কিশোরীর পরিচয়ে অ্যাকাউন্ট খুলে এসব মোড চালু করেছিলেন বলে মামলার নথিতে উল্লেখ করা হয়। অঙ্গরাজ্যের অভিযোগ, এরপরও আত্মহত্যা, আত্মক্ষতি, খাদ্যাভ্যাসজনিত মানসিক সমস্যা, অ্যালকোহল ও যৌনতা নিয়ে বিভিন্ন ভিডিও ওই অ্যাকাউন্টগুলোতে প্রদর্শিত হয়।
বিচার শুরু হলে টিকটকের অভ্যন্তরীণ নথি ও শীর্ষ কর্মকর্তাদের সাক্ষ্য প্রকাশ্যে আসার সম্ভাবনা ছিল। সমঝোতার ফলে প্রতিষ্ঠানটি সেই বিচার ও সম্ভাব্য ব্যাপক জনসমালোচনা এড়িয়ে গেল।
যুক্তরাষ্ট্রজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমের তরুণ ব্যবহারকারীদের ওপর কথিত ক্ষতিকর প্রভাব নিয়ে কোম্পানিগুলোর বিরুদ্ধে একাধিক মামলা চলছে। টিকটক এর আগেও লস অ্যাঞ্জেলেসের এক তরুণীর মামলা এবং কেনটাকির একটি স্কুল জেলার মামলাসহ কয়েকটি মামলা বিচার শুরুর আগেই নিষ্পত্তি করেছে।
অন্যদিকে মেটা কয়েকটি মামলায় আদালতে লড়াই চালিয়ে গেছে। চলতি বছরের মার্চে নিউ মেক্সিকোর একটি জুরি ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক মেটাকে ৩৭ কোটি ৫০ লাখ ডলার দেওয়ার নির্দেশ দেয়। একই মাসে লস অ্যাঞ্জেলেসের একটি মামলায় মেটা ও ইউটিউবকে অবহেলার জন্য দায়ী করা হয় এবং এক তরুণীকে ৬০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
টিকটক জানিয়েছে, কিশোরদের নিরাপত্তা তাদের অন্যতম অগ্রাধিকার এবং প্ল্যাটফর্মে নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করার কাজ তারা চালিয়ে যাচ্ছে।