দেশের ৬৪ জেলার ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ করে তুলতে বিনা মূল্যে ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদফতর। দুই মাস মেয়াদি এ প্রশিক্ষণের তৃতীয় ব্যাচে অংশ নিতে আগ্রহীদের আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো ফি লাগবে […]
ছবি: সংগৃহীত
দেশের ৬৪ জেলার ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ করে তুলতে বিনা মূল্যে ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদফতর। দুই মাস মেয়াদি এ প্রশিক্ষণের তৃতীয় ব্যাচে অংশ নিতে আগ্রহীদের আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো ফি লাগবে না। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের জন্য দৈনিক যাতায়াত ভাতা ও খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদফতর বাস্তবায়নাধীন ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ আয়োজন করা হচ্ছে। প্রকল্প পরিচালক মো. আতিকুর রহমান স্বাক্ষরিত ১২ নভেম্বরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রশিক্ষণের সময়সূচি ও মেয়াদ
বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক বেসিক প্রশিক্ষণ কোর্সের’ তৃতীয় ব্যাচের ক্লাস শুরু হবে আগামী ১ ডিসেম্বর। প্রশিক্ষণ চলবে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত।
প্রতিদিন ছয় ঘণ্টা করে মোট ৫০ দিন প্রশিক্ষণ দেওয়া হবে। সব মিলিয়ে প্রশিক্ষণের মেয়াদ ৩০০ ঘণ্টা।
আবেদনের যোগ্যতা
এ প্রশিক্ষণে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
এ ছাড়া কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক। প্রশিক্ষণার্থী নির্বাচনের ক্ষেত্রে কম্পিউটার ও আইসিটি বিষয়ে মৌলিক জ্ঞান এবং ইংরেজিতে দক্ষতা রয়েছে—এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা দিতে হবে। আবেদন করার ঠিকানা:
http://www.dzaiproject.com/apply
আবেদনের শেষ সময় ২৪ নভেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট। নির্ধারিত সময় শেষ হলে আবেদন লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
আবেদন জমা দেওয়ার পর আবেদনপত্রের একটি কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। বৈধভাবে আবেদন করা প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় এবং স্থান এসএমএসের মাধ্যমে জানানো হবে।
ভর্তি পরীক্ষা ও ফল প্রকাশ
ভর্তি বিজ্ঞপ্তিতে দেওয়া সময়সূচি অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর লিখিত পরীক্ষা এবং ২৯ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বর চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
যুব উন্নয়ন অধিদফতরের সংশ্লিষ্ট জেলার উপপরিচালকের সভাপতিত্বে গঠিত ভর্তি কমিটি লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্বাচন করবে।
প্রশিক্ষণার্থীরা যেসব সুবিধা পাবেন
প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো ফি দিতে হবে না। এ ছাড়া অনাবাসিক প্রশিক্ষণার্থীরা প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ভাতা পাবেন। প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন খাবারের ব্যবস্থাও থাকবে।
প্রশিক্ষণ শেষে নির্ধারিত শর্ত পূরণ করে উত্তীর্ণ হলে প্রশিক্ষণার্থীদের সনদ দেওয়া হবে।
কোন বিভাগে কোন প্রতিষ্ঠান প্রশিক্ষণ দেবে
৬৪ জেলায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য বিভাগভিত্তিক চারটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। প্যাকেজ অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—
প্যাকেজ-১: ঢাকা ও ময়মনসিংহ বিভাগ
এ দুই বিভাগের মোট ১৭টি জেলায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।
প্যাকেজ-২: রাজশাহী ও রংপুর বিভাগ
এ দুই বিভাগের মোট ১৬টি জেলায় প্রশিক্ষণ পরিচালনা করবে এসইও এক্সপার্ট বাংলাদেশ লিমিটেড, ইউরোপিয়ান আইটি সলিউশন ইনস্টিটিউট ও কাইজেন আইটির যৌথ উদ্যোগ।
প্যাকেজ-৩: বরিশাল ও খুলনা বিভাগ
এ দুই বিভাগের মোট ১৬টি জেলায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।
প্যাকেজ-৪: চট্টগ্রাম ও সিলেট বিভাগ
এ দুই বিভাগের মোট ১৫টি জেলায় প্রশিক্ষণ পরিচালনা করবে সার্ভিস ইঞ্জিনস লিমিটেড, ডট কম সিস্টেমস লিমিটেড ও উইজার্ড সফটওয়্যার টেকনোলজি বাংলাদেশের যৌথ উদ্যোগ।
দেশের সব জেলা অন্তর্ভুক্ত করে আয়োজিত এ প্রশিক্ষণের মাধ্যমে তরুণ-তরুণীদের এআই প্রযুক্তি বিষয়ে মৌলিক দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হচ্ছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
সূত্র: বাসস