যুক্তরাষ্ট্রে অগ্নিকাণ্ডের ঝুঁকির কারণে প্রায় ৪ লাখ ৬৩ হাজার ‘টেলুরাইড’ এসইউভি বাজার থেকে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা কিয়া। গাড়িগুলোর সামনের পাওয়ার সিটের মোটরে ত্রুটির কারণে চলন্ত অবস্থায় কিংবা পার্কিংয়ে থাকা অবস্থায়ও আগুন লাগার আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ) এক বিবৃতিতে জানিয়েছে, ২০২০ থেকে ২০২৪ মডেল বর্ষের […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে অগ্নিকাণ্ডের ঝুঁকির কারণে প্রায় ৪ লাখ ৬৩ হাজার ‘টেলুরাইড’ এসইউভি বাজার থেকে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা কিয়া। গাড়িগুলোর সামনের পাওয়ার সিটের মোটরে ত্রুটির কারণে চলন্ত অবস্থায় কিংবা পার্কিংয়ে থাকা অবস্থায়ও আগুন লাগার আশঙ্কা তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ) এক বিবৃতিতে জানিয়েছে, ২০২০ থেকে ২০২৪ মডেল বর্ষের কিয়া টেলুরাইড এসইউভিগুলোর সামনের পাওয়ার সিটের মোটরে অতিরিক্ত তাপ সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে। পাওয়ার সিটের স্লাইডিং নব আটকে যাওয়া বা পূর্বের কোনো মেরামতের সময় যান্ত্রিক ত্রুটির কারণে এই সমস্যা দেখা দিতে পারে।
নিয়ন্ত্রক সংস্থার মতে, মোটর অতিরিক্ত গরম হয়ে গেলে গাড়িতে আগুন লাগতে পারে। তাই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত গাড়িগুলো গ্যারেজ বা ভবনের ভেতরে না রেখে খোলা জায়গায় এবং স্থাপনা থেকে নিরাপদ দূরত্বে পার্ক করার পরামর্শ দেওয়া হয়েছে।
সমস্যা সমাধানে কিয়া তাদের অনুমোদিত ডিলারদের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে নতুন ইলেকট্রনিক ফিউজ অ্যাসেম্বলি স্থাপন করবে। এ বিষয়ে আগামী ১৩ আগস্ট থেকে ক্ষতিগ্রস্ত গাড়ির মালিকদের কাছে আনুষ্ঠানিক নোটিশ পাঠানো শুরু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গাড়ি নির্মাতারা সাধারণত নিরাপত্তাজনিত ত্রুটি ধরা পড়লে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট মডেলগুলো বাজার থেকে ফিরিয়ে এনে বিনামূল্যে মেরামত করে থাকে। কিয়া জানিয়েছে, এই ত্রুটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ের মধ্যে সব ক্ষতিগ্রস্ত গাড়ির প্রয়োজনীয় মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।