সরকারি তথ্য প্রকাশ বন্ধ থাকায় বেসরকারি বিশ্লেষণ সংস্থাগুলোর ওপরই এখন নির্ভর করছেন অর্থনীতিবিদরা । আর সেই চিত্র মোটেও আশাব্যঞ্জক নয়। মুডি’স অ্যানালিটিকসের প্রধান অর্থনীতিবিদ মার্ক জান্ডি সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্রে গত মাসে “কার্যত কোনো চাকরির প্রবৃদ্ধি হয়নি।” জান্ডি রোববার এক বিশ্লেষণে লেখেন, “তথ্য বলছে ,চাকরির বাজার দুর্বল, এবং দিন দিন আরও দুর্বল হচ্ছে।” তিনি দুটি বেসরকারি […]
সরকারি তথ্য প্রকাশ বন্ধ থাকায় বেসরকারি বিশ্লেষণ সংস্থাগুলোর ওপরই এখন নির্ভর করছেন অর্থনীতিবিদরা । আর সেই চিত্র মোটেও আশাব্যঞ্জক নয়। মুডি’স অ্যানালিটিকসের প্রধান অর্থনীতিবিদ মার্ক জান্ডি সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্রে গত মাসে “কার্যত কোনো চাকরির প্রবৃদ্ধি হয়নি।”
জান্ডি রোববার এক বিশ্লেষণে লেখেন, “তথ্য বলছে ,চাকরির বাজার দুর্বল, এবং দিন দিন আরও দুর্বল হচ্ছে।” তিনি দুটি বেসরকারি সংস্থা—এডিপি (ADP) ও রেভেলিও ল্যাবস–এর তথ্য একত্র করে দেখেছেন, গড় হিসেবে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান প্রায় শূন্য ছিল।
পে-রোল প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান এডিপির প্রতিবেদনে দেখা গেছে, সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে ৩২ হাজার বেসরকারি চাকরি হারিয়েছে। জান্ডির মতে, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ “সরকারি খাতেও চলমান বাজেট সংকটের কারণে কর্মসংস্থান হ্রাস পেয়েছে।”
এডিপির তথ্য অনুযায়ী, নতুন চাকরির বেশিরভাগই স্বাস্থ্যসেবা খাতে, এবং মূলত বড় প্রতিষ্ঠানগুলো (৫০০ বা তার বেশি কর্মী) নিয়োগ দিচ্ছে। ছোট ও মাঝারি ব্যবসাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শুল্কনীতি ও অভিবাসন সীমাবদ্ধতার কারণে।
অন্যদিকে রেভেলিও ল্যাবস–এর রিপোর্টে বলা হয়েছে, সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে প্রায় ৬০ হাজার নতুন চাকরি যোগ হয়েছে, তবে তা “খুবই নগণ্য প্রবৃদ্ধি।” এই সামান্য বৃদ্ধি এসেছে মূলত শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাত থেকে—আর তা প্রায় একচেটিয়াভাবে ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক ও ম্যাসাচুসেটসে কেন্দ্রীভূত।
ফেডারেল সরকারের শাটডাউনের কারণে বুরো অব লেবার স্ট্যাটিস্টিকস (BLS)–এর মাসিক চাকরির প্রতিবেদন প্রকাশ বন্ধ রয়েছে। ফলে নীতিনির্ধারক ও অর্থনীতিবিদরা এখন “অন্ধভাবে পথ চলছেন” বলে মন্তব্য করেছেন জান্ডি।
তিনি বলেন, “এই মুহূর্তে চাকরির বাজার দুর্বল, মুদ্রাস্ফীতি বাড়ছে, আর ফেডারেল রিজার্ভকে খুব শিগগির সিদ্ধান্ত নিতে হবে—তারা কি সুদের হার আরও কমাবে, নাকি থামবে?”
ফেডারেল রিজার্ভ সেপ্টেম্বর মাসে বছরের প্রথমবারের মতো সুদের হার কমায়, শ্রমবাজারের দুর্বলতা দেখিয়ে। এখন বাজার বিশ্লেষকদের ধারণা, এই মাসেও আরেক দফা সুদ কমানোর সম্ভাবনা ৯৫%। তবে সরকারি তথ্য অনুপস্থিত থাকলে ফেড হয়তো সিদ্ধান্ত নিতে দ্বিধায় পড়বে।
শিকাগো ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্ট অস্টান গুলসবী বলেন, “চাকরির তথ্যের ক্ষেত্রে BLS হলো বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য উৎস। এই তথ্য না থাকলে তা অত্যন্ত সমস্যাজনক।”
অর্থনীতিবিদদের মতে, যুক্তরাষ্ট্র এখন দ্বৈত সংকটে পড়েছে—একদিকে মুদ্রাস্ফীতি ২% লক্ষ্যমাত্রার ওপরে, অন্যদিকে চাকরির বাজার হোঁচট খাচ্ছে। গুলসবী বলেন, “আমরা টানা চার বছরের বেশি সময় ধরে ২%-এর ওপরে আছি, আর এখন মুদ্রাস্ফীতি আবার বাড়ছে। এতে অতি দ্রুত সুদ কমানো ঝুঁকিপূর্ণ হতে পারে।”
অক্টোবরে নির্ধারিত মুদ্রাস্ফীতির তথ্যও শাটডাউনের কারণে বিলম্বিত হতে পারে, যা শুধু নীতি নির্ধারণ নয়, সামাজিক নিরাপত্তা ভাতা (Social Security COLA) ঘোষণার ক্ষেত্রেও প্রভাব ফেলবে।
গুলসবীর ভাষায়, “আমার বিশ্বাস, আমেরিকার মৌলিক অর্থনীতি এখনো যথেষ্ট শক্তিশালী—কিন্তু আমরা যেন তথ্য ছাড়া তাড়াহুড়া করে সিদ্ধান্ত না নিই।”