যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে আলু আমদানি নিয়ে কয়েক দশকের বিরোধ নতুন মোড় নিতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে যুক্তরাষ্ট্র থেকে তাজা আলু আমদানির ওপর ৭৬ বছরের পুরোনো নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বিবেচনা করছে জাপান সরকার। তবে এ সিদ্ধান্ত কার্যকর হলে স্থানীয় কৃষকদের জীবিকা ও দেশের আলু উৎপাদন ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে আলু আমদানি নিয়ে কয়েক দশকের বিরোধ নতুন মোড় নিতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে যুক্তরাষ্ট্র থেকে তাজা আলু আমদানির ওপর ৭৬ বছরের পুরোনো নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বিবেচনা করছে জাপান সরকার। তবে এ সিদ্ধান্ত কার্যকর হলে স্থানীয় কৃষকদের জীবিকা ও দেশের আলু উৎপাদন ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন জাপানের চাষিরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান–এর প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৫০ সাল থেকে যুক্তরাষ্ট্রের তাজা আলু আমদানি নিষিদ্ধ রেখেছে জাপান। তবে ২০০৬ সালে শর্তসাপেক্ষে মার্কিন আলু আমদানির অনুমতি দেওয়া হয়। সেই আলু কেবল আলুর চিপস তৈরিতে ব্যবহার করা যায়। রোগজীবাণু ও ক্ষতিকর পোকামাকড় ছড়িয়ে পড়া ঠেকাতে আলু সিল করা কনটেইনারে পরিবহন করতে হয় এবং উচ্চ তাপমাত্রায় রান্না করতে হয়।
নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়া হলে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের তাজা আলু জাপানের রেস্তোরাঁ ও সুপারমার্কেটে বিক্রির সুযোগ তৈরি হবে। এতে দেশটির বাজারে সরাসরি প্রবেশ করতে পারবেন মার্কিন আলু রপ্তানিকারকেরা।
স্থানীয় কৃষকদের উদ্বেগ
জাপানের আলুচাষিদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা আলুর সঙ্গে ক্ষতিকর পোকামাকড় ও জীবাণু দেশটিতে প্রবেশ করতে পারে। এতে স্থানীয় আলুখেতের ব্যাপক ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে হোক্কাইডো অঞ্চলের কৃষকেরা এ নিয়ে উদ্বিগ্ন। জাপানের মোট আলু উৎপাদনের প্রায় ৮০ শতাংশই আসে এই অঞ্চল থেকে।
হোক্কাইডোর কৃষি খাতের প্রতিনিধি তোশিহিদে নুমাসাওয়া বলেন, তাঁরা বারবার মার্কিন আলু আমদানির বিরোধিতা করেছেন। এতে পোকামাকড় ও রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে এবং স্থানীয় উৎপাদন ক্ষতিগ্রস্ত হতে পারে।
জাপানের কৃষি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে দেশটিতে ৩৫ লাখ টন আলু ব্যবহৃত হয়েছে। এর মধ্যে ১২ লাখ টন তাজা আলু আমদানি করা হয়েছিল, যার বড় অংশই আলুর চিপস তৈরিতে ব্যবহৃত হয়। দেশটিতে ৯০টিরও বেশি জাতের আলু উৎপাদিত হয়।
নিষেধাজ্ঞা প্রত্যাহারে শর্তের প্রশ্ন
জাপানের নতুন কৃষিমন্ত্রী আরাতা তাকেবে বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে বৈজ্ঞানিক ও কারিগরি পর্যায়ে আলোচনা প্রয়োজন। যুক্তরাষ্ট্র এ বিষয়ে জোরালো প্রত্যাশা জানালেও পর্যাপ্ত আলোচনা এবং উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য সমঝোতা ছাড়া নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না।
অন্যদিকে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে থাকা ব্যক্তিদের যুক্তি, এতে জাপানের ভোক্তারা তুলনামূলক কম দামে আলু কিনতে পারবেন। পাশাপাশি মার্কিন কৃষকেরা বছরে অতিরিক্ত ১৫ কোটি ডলারের রপ্তানি আয় করতে পারবেন।
তবে হোক্কাইডোর কৃষকেরা বলছেন, ক্ষতিকর পোকামাকড় ও রোগের ঝুঁকি পুরোপুরি দূর করার ব্যবস্থা এখনো নিশ্চিত হয়নি। আলুর শিকড়ের ক্ষতি করতে পারে এমন কিছু কৃমি মাটিতে ১৫ বছরেরও বেশি সময় বেঁচে থাকতে পারে। ফলে এসব জীবাণু একবার ছড়িয়ে পড়লে দীর্ঘদিন আলু চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
হোক্কাইডোর আলুচাষি নাওহিরো মাকিনো বলেন, ক্ষতিকর পোকামাকড় একবার জমিতে প্রবেশ করলে এক দশকের বেশি সময় ধরে সেখানে আলু চাষ কঠিন হয়ে পড়তে পারে। তাই তিনি নিষেধাজ্ঞা বহাল রাখার পক্ষে।
যুক্তরাষ্ট্রের বাজার সম্প্রসারণের চাপ, জাপানের ভোক্তাদের স্বার্থ এবং স্থানীয় কৃষকদের উদ্বেগ—সব দিক বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে টোকিওকে। কয়েক দশকের ‘আলু যুদ্ধ’ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।
সূত্র: দ্য গার্ডিয়ান।