ইরানে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালালে এর জবাব আরও বিস্তৃত পরিসরে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রশংসা করে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সীমাবদ্ধতা ইতিমধ্যে স্পষ্ট হয়েছে। ইরানের ‘জাতীয় অহংকারের বিরুদ্ধে লড়াই দিবস’ উপলক্ষে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন খামেনি। তিনি […]
ছবি: সংগৃহীত
ইরানে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালালে এর জবাব আরও বিস্তৃত পরিসরে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রশংসা করে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সীমাবদ্ধতা ইতিমধ্যে স্পষ্ট হয়েছে।
ইরানের ‘জাতীয় অহংকারের বিরুদ্ধে লড়াই দিবস’ উপলক্ষে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন খামেনি। তিনি দাবি করেন, হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলা ওয়াশিংটনের সামরিক পদক্ষেপের জবাব হিসেবেই দেওয়া হয়েছে।
খামেনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র এ ধরনের আগ্রাসনের পুনরাবৃত্তি করলে ইরানের জবাব আরও বিস্তৃত পরিসরে দেওয়া হবে।
বার্তায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর কর্মকাণ্ডেরও প্রশংসা করেন তিনি। এসব গোষ্ঠীকে ‘প্রতিরোধ ফ্রন্ট’ হিসেবে উল্লেখ করে খামেনি বলেন, ফিলিস্তিন, লেবানন, ইরাক ও ইয়েমেনে তাদের ‘বিচক্ষণ ও শক্তিশালী বীরত্বপূর্ণ কর্মকাণ্ড’ প্রশংসার দাবিদার।
খামেনির মতে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিরও সীমাবদ্ধতা রয়েছে। এ পরিস্থিতিতে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, পূর্ণাঙ্গ প্রতিরোধক্ষমতা অর্জনের একমাত্র পথ হলো ব্যাপক উন্নয়নের মাধ্যমে ‘আরও শক্তিশালী ইরান’ গড়ার কৌশল অব্যাহত রাখা।