যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সমঝোতা স্মারকে লেবাননসহ আঞ্চলিক বিভিন্ন ফ্রন্টে সামরিক উত্তেজনা কমানোর আহ্বান জানানো হলেও দক্ষিণ লেবাননে নতুন করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম। শুক্রবার (১৯ জুন) দক্ষিণ লেবাননের নাবাতিহ জেলাসহ একাধিক এলাকায় ইসরায়েলি বিমান, ড্রোন ও গোলন্দাজ […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সমঝোতা স্মারকে লেবাননসহ আঞ্চলিক বিভিন্ন ফ্রন্টে সামরিক উত্তেজনা কমানোর আহ্বান জানানো হলেও দক্ষিণ লেবাননে নতুন করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম।
শুক্রবার (১৯ জুন) দক্ষিণ লেবাননের নাবাতিহ জেলাসহ একাধিক এলাকায় ইসরায়েলি বিমান, ড্রোন ও গোলন্দাজ বাহিনীর হামলার খবর পাওয়া যায়। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর সামরিক অবস্থান ও অবকাঠামো লক্ষ্য করে একাধিক হামলা পরিচালনা করেছে। তাদের দাবি, হিজবুল্লাহর পক্ষ থেকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাব হিসেবেই এসব অভিযান চালানো হয়েছে।
তবে লেবাননের কর্মকর্তারা এই হামলাকে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ আক্রমণ হিসেবে বর্ণনা করেছেন। তাদের অভিযোগ, বহু আবাসিক এলাকা এবং বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এনএনএ জানিয়েছে, প্রথমে নাবাতিহ, কাফার জুজ, কাফার রেমান ও জেবদিনসহ কয়েকটি এলাকায় ব্যাপক গোলাবর্ষণ শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর ইসরায়েলি যুদ্ধবিমান কাফার তিবনিত ও রায়হান পাহাড়সংলগ্ন এলাকায় একাধিক বিমান হামলা চালায়।
হামলার সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে নাবাতিহ ও হারুফ এলাকায়। সেখানে অন্তত আটজন নিহত হয়েছেন। স্থানীয় উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করছে।
আল-শারকিয়া ও দুয়ের এলাকার মধ্যবর্তী একটি আবাসিক বাড়িতে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় একই পরিবারের চারজন সদস্য নিহত হয়েছেন। এছাড়া কাফার সির এলাকায় পৃথক আরেকটি হামলায় তিনজন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
অন্যদিকে দুয়ের পৌরসভা ভবনের কাছাকাছি একটি সড়কে চলন্ত মোটরসাইকেল লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। এতে একজন আরোহী ঘটনাস্থলেই নিহত হন এবং অপর একজন গুরুতর আহত হন।
হামলার পরপরই বিভিন্ন এলাকায় উদ্ধার তৎপরতা শুরু করেছে লেবাননের জরুরি সেবা সংস্থাগুলো। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। তবে বেশ কয়েকটি এলাকায় অব্যাহত হামলার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সমঝোতা স্মারকে লেবানন সীমান্তে উত্তেজনা কমানো এবং সামরিক অভিযান সীমিত করার বিষয়ে আলোচনা থাকলেও নতুন এই হামলা সেই প্রচেষ্টাকে প্রশ্নের মুখে ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
লেবাননের রাজনৈতিক মহল ও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। তারা বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এবং অবিলম্বে সংঘাত বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছে।
সূত্র: আল জাজিরা