সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:৫৪ অপরাহ্ন, ১০ মার্চ ২০২৬

রাজধানীতে নাগরিক আয়োজনে মিছিল ও তিনদিনের ঈদ উৎসব

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে তিনদিনব্যাপী ঈদ উৎসবের পাশাপাশি ঈদের দিন রাজধানীতে আয়োজন করা হবে বর্ণাঢ্য ঈদের মিছিল। মঙ্গলবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঈদ আনন্দ মিছিল উদযাপন কমিটি-২০২৬ এ বছরের মিছিলের পরিকল্পনা ও কর্মসূচির বিস্তারিত তুলে ধরে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ […]

রাজধানীতে নাগরিক আয়োজনে মিছিল ও তিনদিনের ঈদ উৎসব
নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে তিনদিনব্যাপী ঈদ উৎসবের পাশাপাশি ঈদের দিন রাজধানীতে আয়োজন করা হবে বর্ণাঢ্য ঈদের মিছিল। মঙ্গলবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঈদ আনন্দ মিছিল উদযাপন কমিটি-২০২৬ এ বছরের মিছিলের পরিকল্পনা ও কর্মসূচির বিস্তারিত তুলে ধরে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রায় পাঁচ শতাব্দী আগে এই অঞ্চলে ঈদের মিছিল ছিল সামগ্রিক সামাজিক সম্প্রীতির এক প্রতীকী আয়োজন। ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, সুলতানি যুগ থেকে শুরু করে মোঘল সাম্রাজ্যের সময়কালেও ঈদের দিনে এই বর্ণাঢ্য মিছিল বিভিন্ন জাতিগোষ্ঠীর পারস্পরিক বন্ধন ও ভ্রাতৃত্বের নিদর্শন হয়ে উঠেছিল।

হাতি, ঘোড়া এবং নানা ধরনের বাদ্যযন্ত্রের সুরে মুখরিত এই ঈদের মিছিল দীর্ঘদিন ধরে নাগরিক জীবনের প্রাণবন্ত সামাজিক উৎসব হিসেবে পালিত হয়ে এসেছে।

তবে পরবর্তী সময়ে উপনিবেশিক শাসন ও উচ্চবর্ণের জমিদারদের সাংস্কৃতিক দমনের ফলে ধীরে ধীরে এই উৎসবের ঐতিহ্য ক্ষীণ হয়ে যায়। বাঙালি মুসলমানদের ওপর সাংস্কৃতিক প্রভাব বিস্তার ও স্বৈরাচারী শাসনের কারণে ঈদের উৎসব অনেকটা প্রাণহীন ছুটির দিনে রূপ নেয়। ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদের সূচনা হয়।

জুলাই গণঅভ্যুত্থানের পর পুনরায় শুরু হয় ঈদের মিছিলের আয়োজন। গত বছর রাজধানীর ঈদ মিছিলে বিপুল মানুষের উপস্থিতি এ আয়োজনকে নতুন মাত্রা দেয়। ঈদমিছিল শহরের বিভিন্ন সড়ক অতিক্রম করার সময় পথের ধারে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন। শিশু, তরুণ এবং প্রবীণ সবাই ঈদের আনন্দ ভাগ করে নিতে রাস্তায় নেমে আসেন, ফলে পুরো শহর উৎসবমুখর আবহে ভরে ওঠে।

এই ধারাবাহিকতা বজায় রেখে চলতি বছরও নাগরিকদের অংশগ্রহণে আয়োজন করা হচ্ছে ঈদের মিছিল। এবার শুধু ঈদের দিন বর্ণাঢ্য মিছিলই নয়; বরং ঈদের আগের দিন থেকে টানা তিনদিনব্যাপী অনুষ্ঠিত হবে ঈদ উৎসব।

ঈদের আগের দিন চাঁদ রাতে রাজধানীর রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হবে মেহেদী উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা। ধর্ম-বর্ণ নির্বিশেষে যে কেউ এই মেহেদী উৎসবে অংশ নিতে পারবেন। চাঁদরাতে থাকবে ঈদের গান, কবিতা পাঠসহ নানা সাংস্কৃতিক আয়োজন।

ঈদের দিন সকাল দশটায় জাতীয় ঈদগাহের সামনে (হাইকোর্ট প্রাঙ্গণ) থেকে শুরু হবে ঈদের মিছিল। ঈদের নামাজ শেষে রাজধানীর বিভিন্ন পাড়া ও মহল্লা থেকে নাগরিক উদ্যোগে ছোট ছোট ঝটিকা মিছিল নিয়ে দশটার আগেই সবাই সেখানে জড়ো হবেন।

ঈদের বর্ণাঢ্য মিছিলটি দোয়েল চত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দিয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হবে। বিভিন্ন স্থান থেকে আসা ঝটিকা মিছিলগুলোর মধ্যে সবচেয়ে জাঁকজমকপূর্ণ মিছিলকে পুরস্কৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ঐতিহ্য অনুযায়ী ঈদের মিছিলে থাকবে বিভিন্ন ঐতিহাসিক চরিত্রের উপস্থিতি, প্ল্যাকার্ড, হাতি এবং ঘোড়ার গাড়ি।

ঈদের পরদিন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হবে ঘুড়ি উৎসব। ঢাকার প্রাচীন এই ঘুড়ি উৎসবকে ঈদের সঙ্গে যুক্ত করে উদযাপনের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সাংস্কৃতিক চর্চার এক নতুন মিথস্ক্রিয়া সৃষ্টি হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

এই আয়োজন সফলভাবে বাস্তবায়নের জন্য একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে এবং কার্যক্রম পরিচালনার জন্য আলাদা একটি উপ-কমিটিও তৈরি করা হয়েছে।

শিশু-কিশোরদের আকৃষ্ট করতে ঈদের মিছিলের বড় একটি অংশ জুড়ে থাকবে কিডস জোন। শত বছরের ঐতিহ্যবাহী এই ঈদ উৎসবে ব্যাপক মানুষের উপস্থিতির প্রত্যাশা করা হচ্ছে। নাগরিক উদ্যোগে আয়োজিত হওয়ায় এ আয়োজনের জন্য সাধারণ মানুষের আর্থিক সহযোগিতা গ্রহণ করা হবে। পাশাপাশি আগ্রহী যে কোনো স্বেচ্ছাসেবী তরুণও এই উদ্যোগে যুক্ত হতে পারবেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ